ঢাকা | বঙ্গাব্দ

শাড়ি ও ইলিশের কূটনীতি দিয়ে ভারত থেকে পানির হিস্যা আদায় করা যাবে না : টাঙ্গাইলে সমাবেশে সাইফুল হক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 17, 2026 ইং
শাড়ি ও ইলিশের কূটনীতি দিয়ে ভারত থেকে  পানির হিস্যা আদায় করা যাবে না : টাঙ্গাইলে সমাবেশে সাইফুল হক ছবির ক্যাপশন: মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
ad728

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মতো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে আপসহীন অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, টাঙ্গাইলের শাড়ি, বেনারসি শাড়ি কিংবা ইলিশ মাছের কূটনীতি দিয়ে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করা যাবে না। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই জাতীয় স্বার্থে ভারতের সঙ্গে দৃঢ়ভাবে কথা বলতে হবে।

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৭ নভেম্বর) টাঙ্গাইলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে সকালে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন সাইফুল হকসহ দলের কেন্দ্রীয় নেতারা। পরে বিকেল ৩টায় টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে ভাসানীর সংগ্রামী জীবন, রাজনৈতিক দর্শন এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির টাঙ্গাইল জেলার সভাপতি সাইফুর রেজা মামুনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক আওয়াল মাহমুদ।

সাইফুল হক বলেন, মওলানা ভাসানীকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাতে হলে তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় উদ্যোগে পালন করতে হবে। ব্রিটিশবিরোধী আন্দোলন, পাকিস্তানি শাসনবিরোধী সংগ্রাম, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে ভাসানী ছিলেন অন্যতম প্রধান নেতা। তাঁর প্রতি রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ শ্রদ্ধা জানানো প্রয়োজন।

তিনি বলেন, ভাসানী শিখিয়েছেন, স্বাধীনতার জন্য লড়াই করা মানে নতুন কোনো শক্তির কাছে মাথা নত করা নয়। পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে যেমন তিনি দাঁড়িয়েছিলেন, স্বাধীনতার পরও জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থের প্রশ্নে আপস করেননি। আত্মমর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষা তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম বড় শিক্ষা।

ভাসানীর রাজনৈতিক দর্শন তুলে ধরে সাইফুল হক বলেন, তিনি ছিলেন অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও বিজ্ঞানমনস্ক মানুষ। ধর্মীয় বিশ্বাসকে সম্মান করলেও রাজনৈতিক স্বার্থে ধর্মের ব্যবহার তিনি সমর্থন করতেন না। ধর্ম-বর্ণনির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার এবং শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে রাজনীতি তিনি ধারণ করেছিলেন, তা বাংলাদেশের মুক্তিযুদ্ধের গণতান্ত্রিক চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।


পানির ন্যায্য হিস্যার প্রশ্নে মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের কথা উল্লেখ করে সাইফুল হক বলেন, বাংলাদেশের জন্য পানি কোনো সাধারণ বিষয় নয়; এটি জীবন-মরণের প্রশ্ন। আগামী ১১ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশকে দৃঢ় অবস্থান নিতে হবে।

তিনি বলেন, “টাঙ্গাইলের শাড়ি, বেনারসী শাড়ি কিংবা ইলিশ মাছের কূটনীতি দিয়ে আমরা পানি আনতে পারিনি।” ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেও জাতীয় স্বার্থের প্রশ্নে চোখে চোখ রেখে কথা বলতে হবে। একই সঙ্গে কার্যকর কূটনৈতিক দরকষাকষির মাধ্যমে পানির ন্যায্য হিস্যা আদায়ের উদ্যোগ নিতে হবে।

সাইফুল হক বলেন, গঙ্গা ব্যারাজ, পদ্মা ব্যারাজ কিংবা তিস্তা মহাপরিকল্পনা গ্রহণের পাশাপাশি শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করাকে অগ্রাধিকার দিতে হবে। পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা না গেলে শুধু অবকাঠামো নির্মাণের মাধ্যমে দেশের পানিসংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়।


দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাইফুল হক বলেন, অভ্যুত্থানের অর্জন কোনোভাবেই বিসর্জনে পরিণত করা যাবে না। সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও জনগণের ঐক্য এবং অভ্যুত্থানের ঐক্য রক্ষা করতে হবে। গণতান্ত্রিক উত্তরণ এগিয়ে নিতে পারস্পরিক বোঝাপড়া ও রাজনৈতিক সংলাপ জরুরি।

তিনি বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জনগণের অধিকার ও জাতীয় স্বার্থের পক্ষে ভূমিকা অব্যাহত রাখবে। সরকার ভালো কাজ করলে দলটি সমর্থন করবে। অন্যদিকে জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণের সঙ্গে রাজপথে আন্দোলন করবে। বাংলাদেশকে মানবিক, গণতান্ত্রিক ও শোষণ-বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করাই তাঁদের লক্ষ্য।


আলোচনা সভায় গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহ্বায়ক শেখ আব্দুর নূর বলেন, মওলানা ভাসানী ক্ষমতার রাজনীতির জন্য নয়, দেশ ও মজলুম মানুষের জন্য রাজনীতি করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করে শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান বলেন, মওলানা ভাসানীর রাজনৈতিক শিক্ষা শুধু স্মরণ করার বিষয় নয়, রাষ্ট্র পরিচালনাতেও তা অনুসরণ করা প্রয়োজন। গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ভাসানীর চেতনায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

টাঙ্গাইল জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পিপলু ভাসানীর দীর্ঘ সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন, পাকিস্তানি শাসনবিরোধী সংগ্রাম, ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং ফারাক্কা লংমার্চে ভাসানীর ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য।

সভায় আরও বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মতি এবং ঢাকা মহানগর উত্তর বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক তুহিন রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সদস্য নূরজাহান আক্তার পাপড়ি, কৃষক নেতা হাফিজ ও নূরনবী, যুবনেতা তাহসান আহমেদ রাজু ও আরিফুল ইসলাম এবং ছাত্রনেতা আল মামুন সৈকতসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্রান্সে ১ সপ্তাহে অতিরিক্ত ২ হাজারের বেশি মৃত্যু

ফ্রান্সে ১ সপ্তাহে অতিরিক্ত ২ হাজারের বেশি মৃত্যু