ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের শুল্কমুক্ত সুবিধা বাস্তবায়নে ধীরগতি, উদ্বেগে টেক্সটাইল খাত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 25, 2026 ইং
যুক্তরাষ্ট্রের শুল্কমুক্ত সুবিধা বাস্তবায়নে ধীরগতি, উদ্বেগে টেক্সটাইল খাত ছবির ক্যাপশন: ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক
ad728

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় বাংলাদেশে উৎপাদিত নির্দিষ্ট পোশাকপণ্যের জন্য প্রতিশ্রুত শুল্কমুক্ত বাজার সুবিধা এখনও কার্যকর না হওয়ায় দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতিতে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

বিটিএমএ জানিয়েছে, সংগঠনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের প্রাইমারি টেক্সটাইল শিল্পের বর্তমান অবস্থা, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল দেশের টেক্সটাইল খাতের গুরুত্ব এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয় তুলে ধরেন।

বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির ধারা ৫.৩ বাস্তবায়নের বিষয়টি। এই ধারার আওতায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা ও ম্যান-মেড ফাইবার (এমএমএফ) ব্যবহার করে বাংলাদেশে তৈরি পোশাক যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়ার কথা রয়েছে।

বিটিএমএর মতে, এ সুবিধা কার্যকর হলে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকরা বৈশ্বিক বাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে যেতে পারবেন। একই সঙ্গে মার্কিন তুলা ও এমএমএফের ব্যবহার বৃদ্ধি পাবে, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

তবে চুক্তি স্বাক্ষরের পরও শুল্কমুক্ত সুবিধা বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শিল্পোদ্যোক্তাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে। এ কারণে ধারা ৫.৩ দ্রুত বাস্তবায়ন, রুলস অব অরিজিন চূড়ান্তকরণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বিটিএমএ।

বৈঠকে কেন্দ্রীয় বন্ডেড ওয়্যারহাউজ (সিবিডব্লিউ) দ্রুত চালু করা এবং মার্কিন কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত টেক্সটাইল ও পোশাক পণ্যের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে আরও সুবিধা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

মার্কিন প্রতিনিধি দলে ছিলেন পলিটিক্যাল-ইকোনমিক কাউন্সেলর এরিক গিলান, এগ্রিকালচারাল অ্যাটাচে এরিন কভার্ট এবং পলিটিক্যাল-ইকোনমিক কর্মকর্তা চার্লস বেসনার্ড। উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণ, মার্কিন তুলার ব্যবহার বৃদ্ধি এবং টেক্সটাইল খাতে অংশীদারিত্ব আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সীমান্তে পুশইন: বিজেপি সরকারের পর বাংলাদেশবিরোধী তৎপরতা বেড়ে

সীমান্তে পুশইন: বিজেপি সরকারের পর বাংলাদেশবিরোধী তৎপরতা বেড়ে