ঢাকা | বঙ্গাব্দ

রাড্ডা হামলার ঘটনায় পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 1, 2026 ইং
রাড্ডা হামলার ঘটনায় পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ছবির ক্যাপশন: পদত্যাগপত্র জমা দেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।
ad728

ঢাকার মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলের চেষ্টার ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ নম্বর আসন, অর্থাৎ নারী আসন-২৩, শূন্য হয়েছে। সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী তার পদত্যাগ কার্যকর হয়েছে।

সংসদ সচিব গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, শূন্য হওয়া আসনটি পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন সচিবালয়কে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে বিজ্ঞপ্তিটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে সংসদ ভবনে স্পিকারের দপ্তরে যান মিষ্টি। প্রায় পাঁচ মিনিট পর তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। সাংবাদিকেরা পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্পিকার তাকে ডেকেছেন এবং তার সঙ্গে কথা বলতে এসেছেন।

রাড্ডাকাণ্ডে প্রধানমন্ত্রীর পদত্যাগের নির্দেশের বিষয়ে জানতে চাইলে মিষ্টি তদন্তের কথা উল্লেখ করেন। তিনি বলেন, তদন্তে যা বেরিয়ে আসবে, সেটিই হবে। পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না—এ বিষয়ে সরাসরি মন্তব্য না করে তিনি বলেন, বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী বিষয় ঠিক হবে।

এর আগে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার কথা জানান সরকারের প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ।

তবে এর কিছুক্ষণ আগে সংসদ সচিবালয়ের স্পিকারের দপ্তর থেকে জানানো হয়েছিল, মিষ্টির কোনো পদত্যাগপত্র সেখানে পৌঁছায়নি।


মিরপুরের ১ নম্বর সেকশনে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

রাড্ডা কর্তৃপক্ষের অভিযোগ অনুযায়ী, প্রায় ২০০ জন দেশীয় অস্ত্র ও ভারী যন্ত্রপাতি নিয়ে স্বাস্থ্যকেন্দ্রটিতে প্রবেশ করে। তারা একটি টিনশেড ও তিনটি সেমিপাকা ভবন ভেঙে ফেলে। পাশাপাশি পাকা ভবনের আল্ট্রাসাউন্ড কক্ষ, টিকা কক্ষ ও ল্যাবরেটরিসহ কয়েকটি কক্ষের দরজা-জানালাও ভাঙচুর করা হয়।

হামলাকারীরা স্বাস্থ্যকেন্দ্র থেকে আসবাবপত্র, ওষুধ, আল্ট্রাসোনোগ্রাম মেশিন, জেনারেটর, কম্পিউটার, প্রিন্টার, ফ্রিজ, এসি ও আলমারিসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এতে স্বাস্থ্যকেন্দ্রটির কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে রাড্ডা কর্তৃপক্ষ জানিয়েছে।

ভাঙচুর ও লুটপাটের পর স্বাস্থ্যকেন্দ্রের স্থাপনায় ‘সমমনা দোকানদার সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ডও লাগিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় শাহ আলী থানায় করা মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়াসহ ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।


রাড্ডাকাণ্ডের তদন্ত ও মামলার সূত্র ধরে স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের কয়েকজন নেতার নাম আলোচনায় আসে। প্রতিবেদনে বলা হয়েছে, তাদের কয়েকজনকে মিষ্টির ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত বলে উল্লেখ করা হয়েছে। ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সঙ্গেও স্থানীয় বিএনপির কয়েকজনের সম্পৃক্ততার তথ্য সামনে আসে।

২০০৬ সালে শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার থাকাকালে ওই সমিতির সভাপতি ছিলেন মিষ্টি। রাড্ডা সেন্টারের জমিটি ওই সমিতির নামে বরাদ্দ দেওয়ার জন্য তৎকালীন গৃহায়ন ও গণপূর্ত কর্তৃপক্ষের কাছে যে আবেদন করা হয়েছিল, সেখানে সভাপতি হিসেবে মিষ্টির স্বাক্ষর ছিল।

ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি প্রয়াত বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর ছোট বোন। তার প্রয়াত স্বামী সাইদুর রহমান নিউটনও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ঢাকার একটি ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। স্বামীর মৃত্যুর পর মিষ্টি ওই ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন।


রাড্ডাকাণ্ড নিয়ে আলোচনার মধ্যেই বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়।

একই দিনে ঢাকা মহানগর উত্তর যুবদল ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়। পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৪ জন নেতাকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

১৯৭৪ সাল থেকে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার দরিদ্র ও অসহায় মা ও শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা এবং পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিপদসীমার ওপরে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে ডালিয়া ব্যারাজ

বিপদসীমার ওপরে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে ডালিয়া ব্যারাজ