শিক্ষাক্ষেত্রে বৈষম্য দিন দিন আরও প্রকট হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি শিক্ষা নিয়ে যথেচ্ছ পরীক্ষা-নিরীক্ষা বন্ধ এবং সবার জন্য শিক্ষার অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ছাত্র সংহতির ঢাকা মহানগরের শিক্ষাক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
সাইফুল হক বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র-সমাজ প্রতিষ্ঠা। কিন্তু গত দুই বছরে ধনী-গরিবের বৈষম্যের পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও বৈষম্য আরও প্রকট হয়েছে।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও কর্মসংস্থানের ক্ষেত্রে বৈষম্য দূর করার বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু বাস্তবে বৈষম্য আরও বৃদ্ধি পেয়েছে। শিক্ষাক্ষেত্রেও নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে, যা বন্ধ করা প্রয়োজন।
শিক্ষাকে কেনাবেচার পণ্য না বানানোর আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, শিক্ষা কোনো পণ্য নয়, এটি মানুষের মৌলিক অধিকার। শিক্ষার অধিকার নিশ্চিত করতে সরকারকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, শিক্ষাক্ষেত্রের বৈষম্য সমাজের সামগ্রিক বৈষম্যকে আরও বাড়িয়ে তুলছে। আবার সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের কারণে শিক্ষাক্ষেত্রের বৈষম্যও তীব্র হচ্ছে। এই পরিস্থিতি থেকে বের হতে হলে একটি যুগোপযোগী, মানবিক, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক শিক্ষানীতি এবং কারিকুলাম প্রণয়ন করতে হবে।
এ ক্ষেত্রে সমাজের গুরুত্বপূর্ণ সব অংশীজনকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে সাইফুল হক বলেন, শুধু পাঠ্যবইয়ের পড়াশোনার মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে সমাজ, অর্থনীতি ও মানুষের জীবন সম্পর্কে জানতে হবে। জ্ঞানচর্চা, সাংস্কৃতিক বিকাশ ও মানবিক মূল্যবোধের মধ্য দিয়ে নিজেদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করতে হবে।
বিপ্লবী ছাত্র সংহতির কেন্দ্রীয় সংগঠক মামুন উদ্দিন সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দিপংকর চন্দ্র কর, মাহমুদ আলভী, রাজু আহমেদ, ইমরান হোসেন সরকার, ইভা আকতারসহ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে শিক্ষাব্যবস্থার বর্তমান সংকট, শিক্ষাক্ষেত্রে বৈষম্য এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে আলোচনা করা হয়।

কালের দাবি ডেস্ক