বাংলাদেশের অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের অবস্থান আরও শক্তিশালী করতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মন্তব্য করেছেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস।
রোববার (২৮ জুন) রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের জন্য আয়োজিত বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্টিফেন ফোর্বস বলেন, গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। তিনি জানান, মানুষের ক্ষমতায়ন এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে মোবাইল অপারেটর রবি এই উদ্যোগে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে অংশীদার হয়েছে।
অনুষ্ঠানে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা বলেন, জ্ঞান ও দক্ষতার উন্নয়নের মাধ্যমে মানুষকে ক্ষমতায়ন করাই রবির অন্যতম লক্ষ্য। ‘অ্যাডভান্সিং ডিজিটাল সোসাইটি’ উদ্যোগের মাধ্যমে ডিজিটাল অর্থনীতিতে মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠানটি কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আকতার মালা বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ ও শেখার সুযোগ অত্যন্ত প্রয়োজন। এ ধরনের উদ্যোগ গণমাধ্যমকর্মীদের পরিবর্তনশীল মিডিয়া পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং জনস্বার্থে আরও কার্যকরভাবে কাজ করতে সহায়তা করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার ব্যারিস্টার সাহেদ আলম, পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ডিরেক্টর শরীফ শাহ জামাল রাজ, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের হেড অব মার্কেট জুনায়েদ আহমেদ, ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ ব্রিটিশ কাউন্সিল ও রবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রবি, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এই বিশেষায়িত প্রশিক্ষণে অর্থনীতিবিষয়ক সাংবাদিকরা অংশ নেন। প্রশিক্ষণে ইংরেজি ভাষার দক্ষতা, কার্যকর যোগাযোগ কৌশল এবং বাস্তব সাংবাদিকতায় এসব দক্ষতার ব্যবহারিক প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি আধুনিক গণমাধ্যমের পরিবর্তন ও নতুন প্রবণতা সম্পর্কেও অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।
কালের দাবি ডেস্ক