ঢাকা | বঙ্গাব্দ

রোনালদোবিহীন পর্তুগালের ইতিহাসের সবচেয়ে বড় হার, ডেনমার্কের জয় ৪-১ গোলে

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 15, 2026 ইং
রোনালদোবিহীন পর্তুগালের ইতিহাসের সবচেয়ে বড় হার, ডেনমার্কের জয় ৪-১ গোলে ছবির ক্যাপশন: জাতীয় সংগীতের সময় পর্তুগালের সব খেলোয়াড়ের গায়ে ছিল ৭ নম্বর জার্সি. । ছবি: রয়টার্স
ad728

আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর অবসরের পর প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল পর্তুগাল। উয়েফা নেশনস লিগে নিজেদের মাঠে ডেনমার্কের কাছে ৪-১ গোলে হেরেছে দলটি। পর্তুগালের ১০৫ বছরের প্রতিযোগিতামূলক ফুটবল ইতিহাসে নিজেদের মাঠে এটিই সবচেয়ে বড় ব্যবধানের হার।

ব্রাগায় অনুষ্ঠিত ম্যাচটি রোনালদোর বিদায়ের পর পর্তুগালের প্রথম খেলা। কোয়ার্টার ফাইনালে ওঠা আগেই নিশ্চিত হওয়ায় ম্যাচটি হওয়ার কথা ছিল অনেকটা উদ্‌যাপনের উপলক্ষ। সেই উদ্‌যাপনের বড় অংশজুড়েই ছিলেন দেশটির ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনালদো।


ম্যাচের আগে রোনালদোকে সম্মান জানাতে বিশেষ আয়োজন করে পর্তুগাল। জাতীয় সংগীতের সময় দলের খেলোয়াড়েরা তাঁর বিখ্যাত ৭ নম্বর জার্সি পরে মাঠে নামেন। স্টেডিয়ামের বড় পর্দায়ও দেখানো হয় তাঁকে নিয়ে বিশেষ শ্রদ্ধাঞ্জলি।

তবে ম্যাচ শুরু হলে সেই আবেগের ছাপ দেখা যায়নি পর্তুগালের খেলায়। বরং পুরো ম্যাচে নিষ্প্রভ পারফরম্যান্সের কারণে সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে ব্রুনো ফার্নান্দেজদের।

প্রথমার্ধের ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ডেনমার্ককে এগিয়ে দেন অধিনায়ক পিয়েরে-এমিল হইবিয়ার্গ। রুবেন দিয়াসের হাতে বল লাগায় পেনাল্টি পেয়েছিল সফরকারীরা।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ডেনমার্ক। ৫০ মিনিটে দারুণ দলীয় আক্রমণের পর ভলিতে গোল করেন রাসমুস হইলুন্দ। সাত মিনিট পর দিয়াসকে কাটিয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।

৭৫ মিনিটে জোয়াকিম অ্যান্ডারসেনের হেডে ব্যবধান ৪-০ করে ডেনমার্ক। তখন গ্যালারিতে রোনালদোর নামে স্লোগান দিতে শুরু করেন পর্তুগিজ সমর্থকেরা। যোগ করা সময়ে বের্নার্দো সিলভা একটি গোল শোধ করলেও হার এড়াতে পারেনি স্বাগতিকেরা।


ম্যাচ শেষে পর্তুগাল কোচ জর্জ জেসুসকে রোনালদোর অভাব নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বলেন, ‘কিসের অভাব? সে যদি আর জাতীয় দলে না খেলে, তাহলে ঠিক কিসের অভাব আমরা অনুভব করছি? শুধু আমার সঙ্গ দেওয়ার জন্য কেউ একজন থাকলে সেটা আলাদা কথা। সে তো আর খেলে না, এখানে নেই, নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।’

তবে সমর্থকেরা যে রোনালদোকে মিস করবেন, তা স্বীকার করেছেন কোচ। তাঁর ভাষায়, ‘এর সঙ্গে অন্য কিছুর সম্পর্ক নেই। মানুষ তাকে মিস করবে, ২৩ বছর ধরে জাতীয় দলের হয়ে ক্রিস্টিয়ানো যা অর্জন করেছে, তা কেউ ভুলবে না। এটাই স্বাভাবিক।’

এমন হারের জন্য প্রস্তুত ছিলেন না বলেও জানিয়েছেন জেসুস। তিনি বলেন, ‘কেউই সন্তুষ্ট নয়, কেউই খুশি নয়। এখানে হারতে হতে পারে, এমন সম্ভাবনার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। ৪-১ গোলে হারব, সেটা তো আরও ভাবিনি।’


প্রতিযোগিতামূলক ম্যাচে নিজেদের মাঠে এর আগে একাধিক গোলের ব্যবধানে মাত্র চারবার হেরেছিল পর্তুগাল। সর্বশেষ এমন হার ছিল ১৯৯৩ সালে, বিশ্বকাপ বাছাইপর্বে ইতালির বিপক্ষে ৩-১ গোলে।

পর্তুগালের ইতিহাসে সর্বোচ্চ গোল ও সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড রোনালদোর। জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে তাঁর গোল ১৪৬টি। গত ২৪ সেপ্টেম্বর নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ১-০ গোলের জয়ই ছিল পর্তুগালের জার্সিতে তাঁর সর্বশেষ ম্যাচ।

এরপরের ম্যাচে রোনালদোকে বেঞ্চে রেখেছিলেন জেসুস। পরের ম্যাচেও তাঁকে শুরুর একাদশে রাখার পরিকল্পনা নেই বলে জানানোর পর দলের অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে যান রোনালদো। পরে তাঁর অভিযোগ ছিল, কোচ তাঁকে দেওয়া কথা রাখেননি। এসব ঘটনার ধারাবাহিকতায় শেষ পর্যন্ত পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান এই তারকা।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সামাজিক বৈষম্য শিক্ষার বিদ্যমান বৈষম্য আরও বাড়িয়ে তুলছে: সাই

সামাজিক বৈষম্য শিক্ষার বিদ্যমান বৈষম্য আরও বাড়িয়ে তুলছে: সাই