ঢাকা | বঙ্গাব্দ

প্রথম সংস্কার হওয়া উচিত রাজনীতিকদের মাথায়: সাইফুল হক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
প্রথম সংস্কার হওয়া উচিত রাজনীতিকদের মাথায়: সাইফুল হক ছবির ক্যাপশন: ডেইলি নিউজ টেন অনলাইনের ওয়েবসাইট উদ্বোধন ও ‘সংস্কারের প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
ad728


নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, টেকসই রাজনৈতিক ও রাষ্ট্রীয় পরিবর্তনের জন্য শুধু কাঠামোগত সংস্কার যথেষ্ট নয়; রাজনীতিবিদদের চিন্তা, দৃষ্টিভঙ্গি ও মানসিকতারও মৌলিক সংস্কার প্রয়োজন। মানসিকতার পরিবর্তন না হলে কোনো সংস্কারই দীর্ঘস্থায়ী হবে না।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থান কোনো আকস্মিক বা ৩৬ দিনের জাদুকরী ঘটনা ছিল না। এটি গত ১৭ বছরের নির্যাতন-নিপীড়ন, দমন-পীড়ন এবং জনগণের দীর্ঘ রক্তক্ষয়ী আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক পরিণতি।

সোমবার (১৭ আগস্ট) বিকালে রাজধানীর বিজয়নগরের হোটেল মৌরি ইন্টারন্যাশনালে ডেইলি নিউজ টেন অনলাইন-এর নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন ও ‘সংস্কারের প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক সরকারের পথ উন্মুক্ত হওয়াই অভ্যুত্থানের অন্যতম বড় অর্জন। এই অর্জনকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।

তিনি বলেন, আন্দোলন-সংগ্রামে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে খেটে খাওয়া ও নিম্নবিত্ত মানুষ। তরুণরা এই আন্দোলনে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিলেও অভ্যুত্থান-পরবর্তী সময়ে তাদের একটি অংশের মধ্যে ক্ষমতার যে সীমাহীন লোভ তৈরি করা হচ্ছে, তা তরুণদের ভবিষ্যৎ এবং আন্দোলনের চেতনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

সাইফুল হক বলেন, বিগত দুই দশকের রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক জঞ্জাল রাতারাতি পরিষ্কার করে আগামী সাড়ে চার বছরে দেশকে স্বর্গরাজ্যে পরিণত করা সম্ভব নয়। এ বাস্তবতা সবাইকে বুঝতে হবে। তবে নতুন সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত সংকুচিত কর্মসংস্থানের ক্ষেত্রগুলোকে চাঙ্গা করা, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং জনগণের জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা।

তিনি বলেন, ব্যবসায়ীদের সমস্যাগুলো বুঝতে হবে এবং ব্যবসায়িক পরিবেশকে সহজ, কার্যকর ও সচল করতে হবে। অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে উঠতে হলে বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থানের জন্য আস্থার পরিবেশ তৈরি করা জরুরি।

সংবিধান ও রাষ্ট্রীয় সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজনীয় পরিবর্তনের মাধ্যমে সংবিধানকে আরও বেশি অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, সহনশীল এবং জনগণের কাছে দায়বদ্ধ করে তুলতে হবে। একই সঙ্গে বিচার বিভাগ, প্রশাসন ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে একচ্ছত্র ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার সুযোগ না থাকে।

গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে সাইফুল হক বলেন, একটি স্বাধীন গণমাধ্যমকে সরকারের বস্তুনিষ্ঠ সমালোচনা করার পূর্ণ সুযোগ দিতে হবে। ক্ষমতাবানদের সবচেয়ে বড় বন্ধু তাদের সমালোচক। সরকারকে গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারে কোনো ধরনের হস্তক্ষেপ থেকে বিরত থাকতে হবে।

ধর্মীয় উগ্রবাদ ও বিভেদের রাজনীতির বিরুদ্ধেও কঠোর অবস্থানের আহ্বান জানিয়ে তিনি বলেন, ধর্মের নামে হানাহানি, উগ্রবাদ, ঘৃণা ও বিভেদ ছড়ানো কোনো ধর্মের প্রকৃত চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ধর্মীয় উগ্রবাদ, অপপ্রচার এবং সমাজে বিভাজন সৃষ্টির সব ধরনের তৎপরতার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হবে।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থান যেন কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রের কারণে নিজের সন্তানদেরই গ্রাস না করে। ১৯৭১ কিংবা ১৯৯০-এর গণআন্দোলনের অভিজ্ঞতার মতো ২০২৪-এর তরুণদের অর্জনকেও পথ হারাতে দেওয়া যাবে না।

রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতা ও সহনশীলতার পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিয়ে সাইফুল হক বলেন, হিংসা-প্রতিহিংসার রাজনীতি পরিহার করে তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দিতে হবে। রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সমঝোতা ও পুনর্মিলনের পরিবেশ বজায় রেখেই একটি স্থিতিশীল, সাম্যভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেইলি নিউজ টেন অনলাইন-এর প্রকাশক মো. তানভীর আজাদ।

আলোচনা সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মো. শামসুদ্দিন পারভেজ, ইউএলপির চেয়ারম্যান আমিনুল ইসলাম এবং বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব আবদুল্লাহ আল মামুন।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিশিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্যাস সরবরাহ স্থিতিশীল রাখতে আগস্টে আরও ৫ কার্গো এলএনজি

গ্যাস সরবরাহ স্থিতিশীল রাখতে আগস্টে আরও ৫ কার্গো এলএনজি