ঢাকা | বঙ্গাব্দ

গাজা-সিরিয়া-লেবাননে সেনা প্রত্যাহারে অনড় ইসরাইল

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2026 ইং
গাজা-সিরিয়া-লেবাননে সেনা প্রত্যাহারে অনড় ইসরাইল ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

লেবানন, সিরিয়া ও গাজায় গড়ে তোলা তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চলে’ ইসরাইলি সেনা মোতায়েন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ অবস্থানের কথা তুলে ধরেন।

বৃহস্পতিবার কাটজের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ইসরাইলের সীমান্ত এবং সীমান্তবর্তী জনপদকে জঙ্গিগোষ্ঠীর হুমকি থেকে সুরক্ষিত রাখতেই এসব এলাকায় সেনা মোতায়েন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে কাটজ বলেন, সীমান্ত নিরাপত্তার প্রশ্নে ইসরাইল নিজস্ব সিদ্ধান্তেই কাজ করছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বা তাদের হয়ে সীমান্তে দায়িত্ব পালনের কোনো অনুরোধ ইসরাইল করেনি।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সিরিয়া ও লেবানন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প মনে করেন, সিরিয়ায় ইসরাইলের সামরিক উপস্থিতি ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে।

২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর গোলান মালভূমি সংলগ্ন জাতিসংঘ তত্ত্বাবধানে থাকা বাফার জোনে সেনা মোতায়েন করে ইসরাইল। এরপর থেকে সিরিয়ার বিভিন্ন স্থানে একাধিক সামরিক অভিযান ও বিমান হামলাও চালিয়েছে তারা। পাশাপাশি দক্ষিণ সিরিয়ায় একটি নিরস্ত্রীকৃত অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানিয়েছে তেল আবিব।

অন্যদিকে, লেবাননের ভেতরেও ইসরাইলি বাহিনীর উপস্থিতি এখনো অব্যাহত রয়েছে। দেশটির সেনাবাহিনীর দাবি, লেবাননের ভূখণ্ডের প্রায় ১০ কিলোমিটার ভেতর পর্যন্ত বিস্তৃত একটি নিরাপত্তা বলয়ে তাদের সদস্যরা অবস্থান করছেন।

যদিও লেবানন ও ইসরাইলের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই, তবুও সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর আলোচনা চলছে। বুধবার ইতালির রাজধানী রোমে এ বিষয়ে পঞ্চম দফার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এদিকে গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনী বর্তমানে ভূখণ্ডটির প্রায় ৬০ শতাংশ এলাকায় নিয়ন্ত্রণ বজায় রেখেছে। পাশাপাশি গাজা-মিসর সীমান্তসংলগ্ন পুরো বাইরের করিডোরেও তাদের সামরিক উপস্থিতি রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দিচ্ছে বিশ

বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দিচ্ছে বিশ