ঢাকা | বঙ্গাব্দ

ভারী বর্ষণে রাজধানী অচল, জলাবদ্ধতায় চরম ভোগান্তি নগরবাসীর

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 12, 2026 ইং
ভারী বর্ষণে রাজধানী অচল, জলাবদ্ধতায় চরম ভোগান্তি নগরবাসীর ছবির ক্যাপশন: টানা ভারী বর্ষণে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার সড়ক, অলিগলি ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে
ad728

টানা ভারী বর্ষণে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার সড়ক, অলিগলি ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি জমে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (১২ জুলাই) সকাল থেকে থেমে থেমে ভারী বৃষ্টির কারণে মিরপুর, গুলশান, বনানী, ফার্মগেট, ধানমন্ডি, গুলিস্তান, পুরান ঢাকা, খিলগাঁও, রামপুরা, মগবাজার, যাত্রাবাড়ী, ধোলাইপাড়, কালশী ও বিমানবন্দর-সংলগ্ন এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সকাল ৬টা থেকে ৯টার মধ্যে আরও ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

সবচেয়ে বেশি ভোগান্তি দেখা গেছে মিরপুর, মতিঝিল-কমলাপুর, ফকিরাপুল, পল্টন, গুলিস্তান, খিলগাঁও ও কালশী এলাকায়। বিভিন্ন বাসাবাড়ি, দোকানপাট ও ভবনের নিচতলায় পানি ঢুকে পড়েছে। কোথাও কোথাও গাড়ি বিকল হয়ে পড়ায় যান চলাচল আরও ব্যাহত হয়েছে।

জলাবদ্ধতার কারণে অনেক যাত্রীকে জুতা হাতে নিয়ে নোংরা পানি মাড়িয়ে গন্তব্যে যেতে দেখা গেছে। গণপরিবহন সংকটের সুযোগে অনেক রিকশা ও সিএনজি চালক অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকলেও কয়েকটি স্টেশনের নিচে পানি জমে যাত্রীদের চলাচলে অসুবিধা তৈরি হয়েছে। এছাড়া সড়কের গর্ত ও ম্যানহোল পানির নিচে ঢেকে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে।

এদিকে কাকলী, বনানী, মহাখালী, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্প, কুড়িল বিশ্বরোড, ধানমন্ডি-২৭, ফার্মগেট, রামপুরা ও যাত্রাবাড়ী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অফিস সময়ে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে আটকে থাকতে হয়েছে যাত্রীদের।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, খাল-ড্রেনে আবর্জনা জমে থাকা এবং দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য ভারী বৃষ্টিতেই প্রতিবছর একই ধরনের জলাবদ্ধতা তৈরি হচ্ছে। তারা স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের দাবি জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
মালয়েশিয়া সফরে ইতিবাচক বার্তা পেল বাংলাদেশ, তবে ঘরোয়া সংস্কা

মালয়েশিয়া সফরে ইতিবাচক বার্তা পেল বাংলাদেশ, তবে ঘরোয়া সংস্কা