তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আর জানুয়ারি থেকে শ্রমিকেরা বাড়তি বেতন হাতে পাবেন। নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা এ তথ্য জানিয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
সভা শেষে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন ও শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হবে। সে অনুযায়ী জানুয়ারি থেকে শ্রমিকেরা বর্ধিত বেতন পাবেন।
বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের বলেন, পরবর্তী সভায় মালিক ও শ্রমিকপক্ষ পৃথকভাবে নিজেদের মজুরি প্রস্তাব জমা দেবে। নিরপেক্ষ সদস্যও একটি প্রস্তাব দেবেন। এরপর এসব প্রস্তাব নিয়ে আলোচনা হবে।
গত রোববার শ্রম মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করা হয়। এতে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ এবং মালিক ও শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য হিসেবে যথাক্রমে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে নিয়োগ দেওয়া হয়।
একই দিন তৈরি পোশাকশিল্পের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ দেওয়া হয়।
মঙ্গলবার পর্যন্ত নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান ছিলেন শেখ আশফাকুর রহমান। বুধবার সকালে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়। একই আদেশে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।
তবে শেখ আশফাকুর রহমানকে বদলির কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। একাধিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, পোশাকশিল্পের মতো স্পর্শকাতর খাতের মজুরি নির্ধারণের দায়িত্ব পালনে সদ্য বিদায়ী চেয়ারম্যানের ওপর আস্থা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। এ কারণে গত দুই থেকে তিন দিনে তাঁকে বদলির প্রক্রিয়া সম্পন্ন হয়।
পোশাকশিল্পে শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তিনি কয়েকটি জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গেও মতবিনিময় করেন। ওই বৈঠকে বিজিএমইএর সভাপতি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত সরকার গঠিত মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। বুধবারই সভা হতে পারে বলেও তিনি ইঙ্গিত দিয়েছিলেন।
মজুরি পুনর্নির্ধারণের একটি সময়সীমা ঘোষণা করা হলে সাধারণ পোশাকশ্রমিকেরা আশ্বস্ত হবেন বলে মনে করেন তিনি। এর পরদিনই মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হলো এবং নতুন মজুরি কাঠামো কার্যকরের সম্ভাব্য সময় জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা।

কালের দাবি ডেস্ক