ঢাকা | বঙ্গাব্দ

ইসলামী ব্যাংক নিয়ে জল্পনা-কল্পনা থেকে বিরত থাকার আহ্বান গভর্নরের

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2026 ইং
ইসলামী ব্যাংক নিয়ে জল্পনা-কল্পনা থেকে বিরত থাকার আহ্বান গভর্নরের ছবির ক্যাপশন: বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান
ad728

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান ইসলামী ব্যাংককে ঘিরে চলমান নানা জল্পনা-কল্পনা ও অনুমাননির্ভর আলোচনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, অতিরিক্ত ‘স্পেকুলেশন’ পরিস্থিতিকে আরও সংবেদনশীল ও জটিল করে তুলতে পারে।

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ২০২৬ সালের জুলাই-ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতি ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, ইসলামী ব্যাংককে ঘিরে বিভিন্ন ধরনের আলোচনা ও অনুমান চলছে। তবে এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরতে হবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। অপ্রয়োজনীয় ও অনুমাননির্ভর আলোচনা বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে তিনি মন্তব্য করেন।

ব্যাংক খাতে কেন্দ্রীয় ব্যাংকের তারল্য সহায়তা প্রসঙ্গে মো. মোস্তাকুর রহমান জানান, আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন ব্যাংককে মোট ১৭ হাজার ২৫০ কোটি টাকা লিকুইডিটি সাপোর্ট দেওয়া হয়েছিল। অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের সময়ে এ সহায়তার পরিমাণ বেড়ে ৫১ হাজার কোটি টাকায় পৌঁছেছে।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর প্রথম চার মাসে কোনো ব্যাংককে তারল্য সহায়তা দিতে হয়নি, যা ব্যাংকিং খাতের জন্য ইতিবাচক ইঙ্গিত। তবে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে ১৩ হাজার কোটি টাকার তারল্য সহায়তা প্রদান করতে হয়েছে।

গভর্নর আরও বলেন, বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে। তবে সব সিদ্ধান্তই প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী গ্রহণ করা হবে।

তিনি স্পষ্ট করে বলেন, ইসলামী ব্যাংক একটি ব্যাংকিং কোম্পানি এবং এটি ব্যাংক কোম্পানি আইন দ্বারা পরিচালিত। ফলে আইনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক, বিভিন্ন তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং আর্থিক খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
কালের দাবি ডেস্ক

কালের দাবি ডেস্ক

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির, '

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির, '