ঢাকা | বঙ্গাব্দ

এরদোয়ানের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইলেন তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2026 ইং
এরদোয়ানের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইলেন তারেক রহমান ছবির ক্যাপশন: তুরস্কের আনতালিয়ায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ad728

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান। মঙ্গলবার সন্ধ্যায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ উপলক্ষে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন শুরুর আগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানান।

তিনি বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঠপর্যায়ে মানবিক সহায়তা দেওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানান।

তারেক রহমান বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সংকটের স্থায়ী সমাধান এবং প্রত্যাবাসনের পক্ষে আন্তর্জাতিক পরিসরে তুরস্কের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।


বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসন, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে অংশীদারত্ব এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা।

প্রধানমন্ত্রী দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্ব দেন। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি যৌথ বিনিয়োগের বিষয়েও জোর দেন তিনি।

দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ আলোচনা ও যোগাযোগ প্রয়োজন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।


জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং খনিজ সম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

তারেক রহমান বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে বলে জানান। এ খাতে দুই দেশের অংশীদারত্ব ও বিনিয়োগের সম্ভাবনাও আলোচনায় গুরুত্ব পায়।


জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা ও অংশীদারত্ব প্রয়োজন।

বৈঠকের শুরুতে তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে এরদোয়ানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এ ছাড়া সফলভাবে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ, ইতিহাসে দ্বি

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ, ইতিহাসে দ্বি