ঢাকা | বঙ্গাব্দ

মাথাব্যথার জন্য মাথা কেটে ফেলতে পারি না’-বন্দর লিজ নিয়ে সাইফুল হকের কড়া বার্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026 ইং
মাথাব্যথার জন্য মাথা কেটে ফেলতে পারি না’-বন্দর লিজ নিয়ে সাইফুল হকের কড়া বার্তা ছবির ক্যাপশন: চট্টগ্রাম বন্দরের এনসিটিসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভপূর্ব সমাবেশে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি: কালের দাবি।
ad728

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিক্ষোভপূর্ব সমাবেশে সাইফুল হক: লাভজনক ও কৌশলগত গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ  চট্টগ্রাম নিউমুরিং কনটেইনার পোর্ট বিদেশী কোম্পানিকে লিজের সিদ্ধান্ত আত্মঘাতী  ও অদূরদর্শী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)সহ দেশের লাভজনক ও কৌশলগত গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্তকে আত্মঘাতী ও অদূরদর্শী বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি এনসিটি, লালদিয়া ও পানগাঁও বন্দরসহ গুরুত্বপূর্ণ সরকারি সম্পদ বিদেশি প্রতিষ্ঠানের হাতে লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বন্দর লিজের সিদ্ধান্ত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তাহীনতা, মব সন্ত্রাস ও দখলদারিত্বের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সাইফুল হক বলেন, দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বন্দর ও লাভজনক সরকারি স্থাপনা বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সম্পদ বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার যৌক্তিকতা ও আর্থিক লাভের হিসাব সরকার গ্রহণযোগ্যভাবে তুলে ধরতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি।

বন্দরের ব্যবস্থাপনা আরও উন্নত ও গতিশীল করার সুযোগ রয়েছে উল্লেখ করে সাইফুল হক বলেন, নিজেদের ব্যবস্থাপনাতেই প্রয়োজনীয় সংস্কার ও দক্ষতা বাড়ানো সম্ভব। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মাথাব্যথার জন্য আমরা মাথা কেটে ফেলতে পারি না।’

তিনি প্রশ্ন তোলেন, লোকসান ও ভর্তুকির যুক্তিতে দেশের জ্বালানি খাতও কি বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হবে? তার মতে, স্বাধীনতার ৫৪ বছর পরও যদি রাষ্ট্র নিজের প্রধান বন্দর পরিচালনায় স্বনির্ভরতা অর্জন করতে না পারে, তাহলে দেশের অর্থনৈতিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে।

সাইফুল হক বলেন, গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল জাতীয় সম্পদ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে নির্বাচিত সরকারকে জনগণের মতামত এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি এনসিটি, লালদিয়া ও পানগাঁও বন্দরসহ লাভজনক সরকারি প্রতিষ্ঠান ও স্থাপনা বিদেশি কোম্পানির হাতে লিজ দেওয়ার উদ্যোগ থেকে সরে আসার আহ্বান জানান।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও শ্রমিকের মজুরি

সমাবেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাইফুল হক বলেন, বাজার সিন্ডিকেট, চাঁদাবাজি ও দুর্বৃত্তদের কঠোরভাবে দমন করতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে বলে মন্তব্য করেন তিনি।

শ্রমজীবী মানুষের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে আয়ের সামঞ্জস্য প্রতিষ্ঠার জন্য শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানান তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। তিনি বলেন, অপরাধীদের রাজনৈতিক বা দলীয় পরিচয়ে বিবেচনা করা যাবে না। জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সাইফুল হক আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার বাস্তবায়নে সরকারকে জনগণ যৌক্তিক সময় দেবে, তবে সেই সময় অনির্দিষ্ট হতে পারে না। মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকদের দ্রুত যাওয়ার ব্যবস্থা করতে সরকারের প্রতি জোরালো উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি।

জাতীয় স্বার্থবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান

সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী বলেন, চট্টগ্রাম বন্দরের মতো লাভজনক ও কৌশলগত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের পরিপন্থী। ভুল পরামর্শে সরকার এ ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকলে তা থেকে সরে আসা উচিত বলে মন্তব্য করেন তিনি।

বহ্নিশিখা জামালী আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। গণশুনানি ছাড়াই জ্বালানির দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, চাঁদাবাজি, জবরদখল, সন্ত্রাস ও মাদকের বিস্তারে জনজীবনে অনিশ্চয়তা বাড়ছে। নির্বাচিত সরকারের আমলে এমন পরিস্থিতি কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান বলেন, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব উপেক্ষা করে বন্দর ও কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার উদ্যোগ সফল হতে দেওয়া হবে না। অতীতেও গভীর সমুদ্রবন্দর ও মার্কিন ঘাঁটি স্থাপনের উদ্যোগের বিরুদ্ধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ বামপন্থী ও প্রগতিশীল শক্তিগুলো আন্দোলন গড়ে তুলেছিল বলে উল্লেখ করেন তিনি।

আকবর খান বলেন, জনগণের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ নেওয়া হলে তার বিরুদ্ধে ভবিষ্যতেও আন্দোলন গড়ে তোলা হবে। দেশের সম্পদ রক্ষা ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না বলেও জানান তিনি।

বিক্ষোভ মিছিল

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন মীর রেজাউল আলম।

সমাবেশে আরও বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা আক্তার, সাইফুর রেজা মামুন, সাইফুল ইসলাম এবং বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির সভাপতি জামাল সিকদার।

এ সময় উপস্থিত ছিলেন পার্টির মহানগর কমিটির নেতা মোহাম্মদ সালাউদ্দিন, জামিলুর রহমান ডালিম, ঢাকা মহানগর বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক তুহিন রহমান, সদস্যসচিব মো. ইব্রাহিম হোসেন রনি, নারী নেত্রী মরিয়ম আক্তার ও নার্গিস আক্তার লিমাসহ অন্য নেতাকর্মীরা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চীনের ১১ প্রতিষ্ঠানের ৯.২১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব,

চীনের ১১ প্রতিষ্ঠানের ৯.২১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব,