ঢাকা | বঙ্গাব্দ

স্বৈরতান্ত্রিক ব্যবস্থা টিকে থাকলে নূর হোসেনদের স্বপ্ন বাস্তবায়ন হবে না: সাইফুল হক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 ইং
স্বৈরতান্ত্রিক ব্যবস্থা টিকে থাকলে নূর হোসেনদের স্বপ্ন বাস্তবায়ন হবে না: সাইফুল হক ছবির ক্যাপশন: শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ নূর হোসেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ নেতাকর্মীরা। ছবি: কালের দাবি।
ad728


স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বহাল থাকলে শহীদ নূর হোসেনসহ গণতন্ত্রের জন্য আত্মদানকারীদের স্বপ্ন বাস্তবায়ন হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, নূর হোসেনের আত্মদান দেশের অসমাপ্ত গণতান্ত্রিক লড়াইয়ের অন্যতম অনুপ্রেরণা। কিন্তু ৩৯ বছর পরও একটি সত্যিকারের গণতান্ত্রিক, সমতাভিত্তিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম শেষ হয়নি।

শহীদ নূর হোসেনের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর শহীদ নূর হোসেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। কর্মসূচিতে দলের সাধারণ সম্পাদক সাইফুল হকসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় সাইফুল হক বলেন, শহীদ নূর হোসেন ছিলেন এ দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। ১৯৮৭ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে বুক পেতে দিয়ে তিনি যে স্লোগান ধারণ করেছিলেন স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ তা এখনো বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক সংগ্রামের অন্যতম প্রেরণা।

তিনি বলেন, নূর হোসেনদের পথ ধরে জনগণ দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। সর্বশেষ ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ আবারও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বড় বিজয় অর্জন করেছে এবং নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। কিন্তু গোটা রাষ্ট্র ও সামাজিক ব্যবস্থায় এখনো স্বৈরতান্ত্রিক কাঠামো বহাল রয়েছে। এ কারণেই নূর হোসেন আজও প্রাসঙ্গিক।

সাইফুল হক বলেন, নূর হোসেন যে সমতাভিত্তিক, অসাম্প্রদায়িক, উদার ও গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজের স্বপ্ন দেখেছিলেন, ৩৯ বছর পরও আমরা সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারিনি। কোনো স্বৈরতন্ত্রীই এ পর্যন্ত ক্ষমা প্রার্থনা করেনি। ফলে শহীদদের স্বপ্ন বাস্তবায়নের লড়াইও এখনো শেষ হয়নি।

তিনি আরও বলেন, এরশাদের সামরিক স্বৈরতন্ত্রের সময় নূর হোসেনসহ যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, সেই হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার হয়নি। একইভাবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও নিপীড়নের জন্য দায়ীদেরও রাজনৈতিক ও আইনগত জবাবদিহি নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেন তিনি।

সাইফুল হকের অভিযোগ, বিভিন্ন সময়ে ভোট ও রাজনৈতিক সমীকরণের স্বার্থে স্বৈরতান্ত্রিক শক্তির রাজনৈতিক পুনর্বাসনের নানা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তার মতে, এ ধরনের প্রবণতা অব্যাহত থাকলে শহীদদের স্বপ্নের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হবে না।

তিনি বলেন, ‘স্বৈরতন্ত্রের ভূত ঘাড়ে নিয়ে হাঁটলে শহীদের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না।’ বারবার শহীদের রক্ত ঝরবে আর তাদের স্বপ্ন হোঁচট খাবে এটা চলতে পারে না।

শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে শোষণ, নিপীড়ন ও বৈষম্যভিত্তিক ব্যবস্থার অবসান ঘটিয়ে একটি সত্যিকারের গণতান্ত্রিক, সমতাভিত্তিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

সাইফুল হক বলেন, শহীদ নূর হোসেনসহ গণতন্ত্রের জন্য আত্মদানকারী শহীদরা দেশের দীর্ঘ লড়াই-সংগ্রামের অনুপ্রেরণার উৎস। তাদের স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়েই তাদের আত্মদানের যথার্থ মর্যাদা দেওয়া সম্ভব।

পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরের সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, বিপ্লবী যুব সংহতির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক তুহিন রহমান, সদস্য সচিব মো. ইব্রাহিম হোসেন রনি, সদস্য আরিফ ও রোহান, পার্টির সদস্য নান্টু দাস, দীপু দাসসহ কেন্দ্রীয় ও মহানগর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী, যেসব বিষয়ে গুরুত্ব দিচ্ছে বাংল

মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী, যেসব বিষয়ে গুরুত্ব দিচ্ছে বাংল