ঢাকা | বঙ্গাব্দ

আগামী মাসেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2026 ইং
আগামী মাসেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ ছবির ক্যাপশন: প্রবাসীদের জন্য বিশেষ সুবিধাসংবলিত ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
ad728


আগামী মাসের মধ্যেই পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের জন্য ডেবিট কার্ড ইস্যু করা হবে। এই কার্ডের মাধ্যমে দেশে ও বিদেশে ব্যাংকিং, ভ্রমণ, স্বাস্থ্যসেবা, রেমিট্যান্সসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন প্রবাসীরা।

শনিবার (১৮ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ‘প্রবাসী কার্ড’ বিষয়ক এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ডের পর এবার চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’। এর মাধ্যমে প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক ক্ষমতায়ন, প্রণোদনা প্রদান এবং ডুয়াল কারেন্সি সুবিধাসহ আন্তর্জাতিক পেমেন্ট ও ব্যাংকিং সেবা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৈঠকে জানানো হয়, প্রবাসী কার্ডধারীরা দেশে-বিদেশে বিমানবন্দরের কমপ্লিমেন্টারি লাউঞ্জ ব্যবহার, বিশেষ ইমিগ্রেশন বুথে দ্রুত সেবা, আন্তর্জাতিক বিমানবন্দরে ‘মিট অ্যান্ড গ্রিট’ সুবিধা, বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে ছাড় এবং গাড়ি বুকিং ও এয়ারপোর্ট পিক-আপ-ড্রপ সুবিধা পাবেন।

এ ছাড়া সরকারি হাসপাতালে প্রবাসী সেবা বুথ, বেসরকারি হাসপাতালে বিশেষ ছাড়, কার্ডধারীর মৃত্যু হলে বিনা খরচে মরদেহ দেশে আনার ব্যবস্থা, পুনর্বাসন ও বীমা সুবিধা, জমি নিবন্ধন, নামজারি, ইউটিলিটি সংযোগ, লাইসেন্স এবং বৈদেশিক বিনিয়োগে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

রেমিট্যান্স পাঠানো সহজ করতে কার্ডে থাকবে রিওয়ার্ড পয়েন্ট, ক্রেডিট স্কোরিং, ঋণ সুবিধা এবং সরাসরি অর্থ স্থানান্তরের সুবিধা। পাশাপাশি জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, কনস্যুলার সেবা এবং ব্যাংক ও সরকারের অন্যান্য সেবায়ও অগ্রাধিকার পাবেন কার্ডধারীরা।

শাহাদাৎ স্বাধীন জানান, আগামী মাসের মাঝামাঝি পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ড উদ্বোধন করা হবে। প্রথম ধাপে জনতা ব্যাংকের মাধ্যমে ডেবিট কার্ড ইস্যু করা হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুনের মধ্যে দুই লাখ প্রবাসীর হাতে এ কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, দ্বিতীয় পর্যায়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসী কার্ডের সব কার্যক্রম পরিচালনা করা হবে।

বৈঠকে প্রধানমন্ত্রী জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরও আধুনিক ও সময়োপযোগী করার নির্দেশনা দেন। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সবাইকে পর্যায়ক্রমে প্রবাসী কার্ডের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও মাহদী আমিন, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ সচিব মোখতার আহমেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
জাইমা রহমানকে নিয়ে পোস্ট, রাতেই অভিযান চালাল পুলিশ

জাইমা রহমানকে নিয়ে পোস্ট, রাতেই অভিযান চালাল পুলিশ