ভারতে প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণের দাবিতে চলমান আন্দোলন নিয়ে বাংলাদেশের আপাতত কোনো মূল্যায়ন নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তাঁর মতে, বিষয়টি ভারতের অভ্যন্তরীণ এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেশটিরই।
সোমবার ঢাকার ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) আয়োজিত একটি সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ভারতের আন্দোলন এবং সীমান্তবর্তী এলাকায় পুশ ইন-এর আশঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে বাংলাদেশের আপাতত কোনো মূল্যায়ন নেই।
ব্রিফিংয়ে সৌদি আরবে হুতিদের হামলায় বাংলাদেশিদের হতাহতের বিষয়টিও উঠে আসে। এ ঘটনায় সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন শামা ওবায়েদ। একই সঙ্গে সংঘাত অবিলম্বে বন্ধের আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী সৌদি আরবের যুবরাজকে চিঠি দিয়েছেন।
এর আগে মক্কা ও মদিনার সুরক্ষায় যেকোনো ধরনের সামরিক বা বেসামরিক উদ্যোগে সম্পৃক্ত হওয়ার নীতিগত অবস্থানের কথা জানিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, মক্কা-মদিনার সঙ্গে মুসলমানদের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি আবেগও জড়িত।
তিনি আরও বলেন, মক্কা-মদিনার নিরাপত্তার জন্য কোনো ধরনের হুমকি তৈরি হলে বাংলাদেশের মুসলমানরা বসে থাকবেন না।

কালের দাবি ডেস্ক