ঢাকা | বঙ্গাব্দ

টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা নেই, সেবা উন্নয়নে বিদেশি বিনিয়োগের উদ্যোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 13, 2026 ইং
টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা নেই, সেবা উন্নয়নে বিদেশি বিনিয়োগের উদ্যোগ ছবির ক্যাপশন: টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম
ad728

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, প্রতিযোগিতামূলক টেলিযোগাযোগ বাজারে ভারসাম্য বজায় রাখতে টেলিটককে সরকারের নিয়ন্ত্রণেই রাখা হবে এবং এর নেটওয়ার্ক সম্প্রসারণ ও সেবার মান উন্নয়নে বিদেশি অর্থায়ন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে চারটি মোবাইল অপারেটর সেবা দিচ্ছে। টেলিটকের কার্যক্রম আরও শক্তিশালী করতে নতুন টাওয়ার স্থাপন এবং আধুনিক প্রযুক্তি সংযোজন প্রয়োজন। এ জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহে আন্তর্জাতিক অর্থায়নের বিভিন্ন উৎসের সঙ্গে আলোচনা চলছে।

তিনি বলেন, রাষ্ট্রীয় অপারেটর হিসেবে টেলিটকের উপস্থিতি বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টেলিটক না থাকলে বেসরকারি অপারেটরগুলোর সেবামূল্য নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যেতে পারে।

মোবাইল ইন্টারনেট প্যাকেজের মেয়াদ শেষে অব্যবহৃত ডেটা কেটে নেওয়ার বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও মোবাইল অপারেটরদের সঙ্গে একাধিক দফা আলোচনা হয়েছে। পাশাপাশি কলড্রপ কমানো এবং গ্রাহকসেবা উন্নয়নে অপারেটরদের ওপর চাপ অব্যাহত থাকবে।

ডিজিটাল সংযোগ সম্প্রসারণের অগ্রগতির কথা তুলে ধরে মন্ত্রী জানান, দেশব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রকল্পের আওতায় ইতোমধ্যে প্রায় ৫৭ হাজার শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, ভূমি অফিস, আদালতসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে।

এ ছাড়া সীমান্ত ও দুর্গম এলাকায় দুর্বল মোবাইল নেটওয়ার্কের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে প্রয়োজনীয় টাওয়ার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

ফাইভ-জি প্রযুক্তি সম্প্রসারণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অপারেটরদের প্রযুক্তি-নিরপেক্ষ লাইসেন্স দেওয়া হয়েছে এবং ২০২৭ সালে ৩.৫ গিগাহার্টজ ব্যান্ডে নতুন তরঙ্গ উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।

তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনবল গড়ে তুলতে আগামী পাঁচ বছরে ১০ লাখ ফ্রিল্যান্সার তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি দুই লাখ ফ্রিল্যান্সারকে পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংসদকে অবহিত করেন।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি