প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ আমন্ত্রণে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনিটে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি নিউইয়র্কের উদ্দেশে রওনা হন বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়, নিউইয়র্কে অবস্থানকালে সাইফুল হক জাতিসংঘের সাধারণ অধিবেশনের বিভিন্ন কর্মসূচি ও অধিবেশনে অংশ নেবেন। পাশাপাশি আন্তর্জাতিক ফারাক্কা কমিটির উদ্যোগে আয়োজিত একটি সভায়ও অংশ নেওয়ার কথা রয়েছে তার।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একাধিক কর্মসূচিতেও সাইফুল হক অংশ নেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সফর শেষে অক্টোবরের প্রথম সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছে।
সাইফুল হক যুক্তরাষ্ট্রে অবস্থানকালে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান।
দলটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাইফুল হকের অনুপস্থিতিতে আকবর খান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার আগে সোমবার ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান সাইফুল হক।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

কালের দাবি ডেস্ক