ঢাকা | বঙ্গাব্দ

মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 22, 2026 ইং
মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন: পুত্রজায়ায় যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি: পিএমও
ad728

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ, অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়েও গুরুত্বারোপ করেছেন তিনি।

সোমবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।তারেক রহমান বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে তিনি দ্রুত শ্রমবাজার চালু এবং বাংলাদেশি কর্মী নিয়োগ বৃদ্ধির বিষয়টি বিবেচনার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি অনিয়মিত শ্রমিকদের বৈধতা প্রদান ও আটক বাংলাদেশিদের দেশে ফেরানোর বিষয়টিও আলোচনায় এসেছে।

তিনি বলেন, দুই দেশই একমত হয়েছে যে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী হতে হবে, যাতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমে এবং কর্মীদের ব্যয় হ্রাস পায়। প্রধানমন্ত্রী জানান, দ্বিপক্ষীয় বৈঠকে শ্রমবাজার ছাড়াও বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, কৃষি, শিক্ষা, হালাল শিল্প, ডিজিটাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করতে দুই দেশ কাজ করবে। যৌথ কমিশন বৈঠক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় পরামর্শ কাঠামোর মাধ্যমে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও একমত হয়েছে উভয় পক্ষ।প্রধানমন্ত্রী জানান, দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে সংস্কৃতি, বিনিয়োগ এবং সন্ত্রাসবাদ দমন সংক্রান্ত সহযোগিতার দলিল বিনিময়কে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।

মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশ নতুন অর্থনৈতিক সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। রোহিঙ্গা সংকট প্রসঙ্গেও তিনি মালয়েশিয়ার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সফর বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার হবে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
গরীব ও প্রান্তিক পরিবারের সদস্যদের চিকিৎসাসেবা সহজলভ্য করুন

গরীব ও প্রান্তিক পরিবারের সদস্যদের চিকিৎসাসেবা সহজলভ্য করুন