ঢাকা | বঙ্গাব্দ

কৃষক কিনতেও ঠকবে, বেচতেও ঠকবে—এ ব্যবস্থা চলতে পারে না: বিপ্লবী কৃষক সংহতির মানববন্ধনে সাইফুল হক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 19, 2026 ইং
কৃষক কিনতেও ঠকবে, বেচতেও ঠকবে—এ ব্যবস্থা চলতে পারে না: বিপ্লবী কৃষক সংহতির মানববন্ধনে সাইফুল হক ছবির ক্যাপশন: কৃষি বাজার সংস্কার ও কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিপ্লবী কৃষক সংহতির মানববন্ধন-সমাবেশে বক্তব্য দেন সাইফুল হক। ছবি: সংগৃহীত
ad728

কৃষককে উৎপাদন উপকরণ কিনতে গিয়ে যেমন ঠকতে হচ্ছে, তেমনি উৎপাদিত পণ্য বিক্রি করেও ন্যায্য দাম পাচ্ছেন না এ ব্যবস্থা চলতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। কৃষি বাজার সংস্কার, সারের ডিলারশিপে দুর্নীতি ও দলীয়করণ বন্ধ, কৃষকের জন্য নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী বিদ্যুৎ এবং কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষি ও কৃষক রক্ষার দাবিতে আয়োজিত মানববন্ধন-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিপ্লবী কৃষক সংহতি এ কর্মসূচির আয়োজন করে।

সাইফুল হক বলেন, কৃষককে বাঁচাতে হলে সার ও কৃষি উপকরণের দাম কমানোর পাশাপাশি উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। কৃষক কিনতেও ঠকবেন, আবার বেচতেও ঠকবেন এ ব্যবস্থা কোনোভাবেই চলতে পারে না।

তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় কৃষকের মধ্যে সারের তীব্র সংকট চলছে। সারের ডিলারশিপে টেন্ডার, দলীয়করণ ও দলবাজির কারণে কৃষক ন্যায্য দামে সার পাচ্ছেন না। এক হাজার থেকে এক হাজার ১০০ টাকার সার কোথাও কোথাও এক হাজার ৩০০ থেকে এক হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ধরনের দুর্নীতি ও অনিয়ম অবিলম্বে বন্ধ করতে হবে।

সারের যথাযথ সরবরাহ ও ন্যায্য মূল্য নিশ্চিত করা না গেলে কৃষি উৎপাদন ব্যাহত হবে উল্লেখ করে তিনি বলেন, এর প্রভাব দেশের খাদ্য নিরাপত্তা ও খাদ্য সার্বভৌমত্বের ওপর পড়বে। সার বিতরণে দলীয়করণ ও আত্মীয়করণ বন্ধে সরকার ও সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

কৃষকের বিদ্যুৎ-সংকট ও অস্বাভাবিক বিলের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন সাইফুল হক। তিনি বলেন, বিদ্যুৎ সংকটের পাশাপাশি ভুতুড়ে বিল কৃষকের জন্য নতুন মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। অনেক গ্রাহকের ওপর দ্বিগুণ, তিন গুণ, এমনকি পাঁচ গুণ পর্যন্ত অস্বাভাবিক বিল চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বিদ্যুৎ নিয়ে হয়রানি ও আমলাতান্ত্রিকতা বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, অতিরিক্ত ও অনিয়মিত বিলের সঙ্গে জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

কৃষিপণ্যের ন্যায্য মূল্য না পাওয়ায় উৎপাদন ক্রমেই অলাভজনক হয়ে উঠছে বলে মন্তব্য করেন সাইফুল হক। তার মতে, কৃষি বাজার বর্তমানে ফড়িয়া ও মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণে; সেখানে প্রকৃত উৎপাদক কৃষকের কার্যকর অবস্থান নেই। এ পরিস্থিতি বদলাতে কৃষি বাজার সংস্কার এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে।

তিনি বলেন, কৃষি ও কৃষক না বাঁচলে দেশের অর্থনীতি, কর্মসংস্থান, বিনিয়োগ, খাদ্য নিরাপত্তা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হবে না। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের সুবিধা যেন দলীয়করণ ও স্বজনপ্রীতির মাধ্যমে বণ্টন না হয়, সরকারকে তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সমাবেশে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গেও বক্তব্য দেন সাইফুল হক। তিনি বলেন, ক্ষমতায় থাকাকালে ফ্যাসিবাদীরা সন্ত্রাস করেছে, এখন ক্ষমতার বাইরে গিয়েও তারা সন্ত্রাস করছে বলে অভিযোগ রয়েছে।

তিনি বলেন, সন্ত্রাসের পথে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না। রাজনীতিতে ফিরতে হলে দলটিকে অপরাধের দায় স্বীকার করে প্রথমে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।

সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান বলেন, কৃষি ও কৃষককে রক্ষা করা শুধু কৃষকের দাবি নয়; এটি দেশের খাদ্য নিরাপত্তা ও জাতীয় স্বার্থের প্রশ্ন। কৃষকের উৎপাদন ব্যাহত করে কোনো অর্থনৈতিক উন্নয়ন টেকসই হতে পারে না।

বিপ্লবী কৃষক সংহতির সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ বলেন, সার, বিদ্যুৎ ও কৃষি উপকরণ নিয়ে অনিয়ম-দুর্নীতির বোঝা কৃষকের ওপর চাপিয়ে দেওয়া বন্ধ করতে হবে। উৎপাদন খরচ কমানোর পাশাপাশি কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত না করলে কৃষি ও কৃষক উভয়ই গভীর সংকটে পড়বে।

বিপ্লবী কৃষক সংহতির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মাহবুবুল করিম টিপুর সভাপতিত্বে এবং মাসুদুর রহমান মাসুদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন-সমাবেশে আরও বক্তব্য দেন বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, বিপ্লবী কৃষক সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম, খেতমজুর ইউনিয়নের নেতা সজীব সরকার রতন, রাশিদা আক্তার, ঢাকা মহানগর উত্তর বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক তুহিন রহমান ও নান্টু দাসসহ অন্যরা। মানববন্ধনে বিভিন্ন এলাকা থেকে আসা কৃষক প্রতিনিধিরা অংশ নেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জাতীয় প্রেসক্লাব থেকে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল থেকে সার ও কৃষি উপকরণে দুর্নীতি-দলীয়করণ বন্ধ, ভুতুড়ে বিদ্যুৎ বিল ও বিদ্যুৎ নিয়ে হয়রানি বন্ধ, কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত, কৃষি বাজার সংস্কার, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ এবং কৃষকবান্ধব কৃষিনীতি প্রণয়নসহ কৃষি ও কৃষক রক্ষায় কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
এডিবির পূর্বাভাস, ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শত

এডিবির পূর্বাভাস, ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শত