ঢাকা | বঙ্গাব্দ

বিপ্লবী যুব সংহতির মতবিনিময় সভায় সাইফুল হক: বিশাল যুবশক্তিকে বেকার রাখা যাবেনা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2026 ইং
বিপ্লবী যুব সংহতির  মতবিনিময়  সভায়  সাইফুল হক: বিশাল যুবশক্তিকে বেকার রাখা যাবেনা ছবির ক্যাপশন: বিপ্লবী যুব সংহতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
ad728


দেশের বিপুল সম্ভাবনাময় যুবশক্তিকে বেকার না রেখে দক্ষতা ও উৎপাদনশীল কাজে যুক্ত করার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক। বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী যুব সংহতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, দেশের বিশাল যুবশক্তিকে কোনোভাবেই বেকার রাখা যাবে না। এই সম্ভাবনাময় জনগোষ্ঠীকে বহুমুখী উৎপাদনশীল কাজে দক্ষতার সঙ্গে নিয়োজিত করতে হবে। যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে প্রয়োজনীয় আর্থিক সহায়তার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সহযোগিতাও দিতে হবে।

তিনি বলেন, হতাশা ও অনিশ্চয়তা আরও গভীর হওয়ার আগেই বেকার যুবকদের পাশে দাঁড়াতে হবে। এ জন্য সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।

জনপ্রত্যাশা পূরণে সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, মানুষের জানমাল, জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। জনজীবনের জরুরি সংকট মোকাবিলায় দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, অসহনীয় বেকারত্ব দ্রুত কমাতে না পারলে সমাজে অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধপ্রবণতা আরও বাড়তে পারে। তাই দেশের বিশাল যুবশক্তির অমিত সম্ভাবনা আর নষ্ট হতে দেওয়া যাবে না।

যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, দেশের যেকোনো অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে বিপ্লবী যুবসমাজকে সাহসের সঙ্গে প্রতিবাদ গড়ে তুলতে হবে। গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে যুব সংগঠনগুলোকে আরও শক্তিশালী, সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় যুব বেকারত্ব, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং যুব আন্দোলনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য জাতীয় যুব সম্মেলনের প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়।

বিপ্লবী যুব সংহতির জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আউয়াল মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব মীর রেজাউল আলম, যুগ্ম আহ্বায়ক তুহিন রহমান, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ইব্রাহিম হোসেন রনি, আরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, মরিয়ম আক্তার, মোহাম্মদ রিয়েল, নান্টু দাস, দেলোয়ার হোসেন, আরিফ আকবর রোহান ও দীপু দাস।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী মাসেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

আগামী মাসেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’