দেশের কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করতে প্রতিটি উপজেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে কিডনি রোগীদের চিকিৎসার জন্য আর রাজধানীমুখী হতে হবে না।
শুক্রবার (৩ জুলাই) নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের বীজ, লেবুর চারা এবং সার বিতরণ করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। এ লক্ষ্যে দেশের সব উপজেলা হাসপাতালে ধাপে ধাপে আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণ করা হবে। তিনি জানান, আগামী ছয় মাসের মধ্যে দেশের ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও বলেন, কিডনি রোগের চিকিৎসা ব্যয়বহুল এবং অধিকাংশ রোগীকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে যেতে হয়। উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস ইউনিট চালু হলে রোগীদের ভোগান্তি ও চিকিৎসা ব্যয় উভয়ই কমবে।
সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, স্বাস্থ্য খাতের পাশাপাশি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন ধরনের সহায়তা কর্মসূচি অব্যাহত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী উপজেলা মিলনায়তনে আয়োজিত পৃথক অনুষ্ঠানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা, ঢেউটিন এবং শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করেন।
কালের দাবি ডেস্ক