ঢাকা | বঙ্গাব্দ

হামলা বন্ধে সমঝোতায় ইরান-যুক্তরাষ্ট্র

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2026 ইং
হামলা বন্ধে সমঝোতায় ইরান-যুক্তরাষ্ট্র ছবির ক্যাপশন: ইরান-যুক্তরাষ্ট্র
ad728

দীর্ঘদিনের উত্তেজনা ও সামরিক সংঘাতের পর আপাতত একে অপরের বিরুদ্ধে হামলা না চালানোর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। একইসঙ্গে দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনা এগিয়ে নিতে আগামী মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় বৈঠকের সিদ্ধান্ত হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক উত্তেজনা প্রশমিত করতে উভয় পক্ষ আপাতত সব ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। দোহায় অনুষ্ঠেয় বৈঠকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাবে।

জানা গেছে, গত ১৭ জুন যুদ্ধবিরতির লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের নেতারা একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছান। ওই সমঝোতার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করার পরিবেশ তৈরি হয়। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া সংঘাতের অবসানের আশাও দেখা দিয়েছিল।

পরবর্তীতে সুইজারল্যান্ডে উভয় পক্ষের মধ্যে ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর লক্ষ্য নিয়ে আলোচনা শুরু হয়। তবে আলোচনার মধ্যেই উভয় দেশ একে অপরের বিরুদ্ধে নতুন করে হামলা চালালে পরিস্থিতি আবারও জটিল হয়ে ওঠে। এতে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়েও উদ্বেগ তৈরি হয়।

সাম্প্রতিক সমঝোতার অংশ হিসেবে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। অন্যদিকে, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত কিছু অবরোধ প্রত্যাহারের বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, উভয় পক্ষ সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ রাখার বিষয়ে সম্মত হয়েছে। অপর এক কর্মকর্তা জানিয়েছেন, আপাতত দুই দেশ সংঘাত এড়িয়ে চলবে এবং বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে আলোচনা অব্যাহত রাখবে।

এক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন প্রশাসনের দুই কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র নিশ্চিত করেছে যে, আগামী মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা সরাসরি বৈঠকে বসবেন।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে দুই দেশ নতুন করে কোনো সামরিক সংঘাতে জড়ানোর পরিকল্পনা করছে না। বরং কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তবে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। শনিবার (২৮ জুন) তিনি বলেন, ইরান নতুন করে হামলা চালালে যুক্তরাষ্ট্র প্রয়োজন হলে আবারও সামরিক ব্যবস্থা গ্রহণ করবে। এমন পরিস্থিতি তৈরি হলে ইরানের অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।

হোয়াইট হাউসের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
পবিত্র আশুরা আজ, শোক-ত্যাগ ও সত্য প্রতিষ্ঠার চিরন্তন শিক্ষা

পবিত্র আশুরা আজ, শোক-ত্যাগ ও সত্য প্রতিষ্ঠার চিরন্তন শিক্ষা