ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করলেও গ্রুপপর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না পর্তুগাল। নতুন ব্র্যাকেট পদ্ধতির কারণে শেষ ম্যাচে পয়েন্ট হারালে নকআউট পর্বে আরও কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোদের।
উজবেকিস্তানকে হারিয়ে ইতোমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে পর্তুগাল। তবে ‘কে’ গ্রুপে দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। অন্যদিকে, টানা দুই জয় নিয়ে ছয় পয়েন্টসহ শীর্ষে রয়েছে কলম্বিয়া। শেষ ম্যাচে জয় পেলে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে উঠবে পর্তুগাল।
ফিফার নতুন নির্ধারিত নকআউট ব্র্যাকেট অনুযায়ী, গ্রুপ চ্যাম্পিয়ন হলে রাউন্ড অব ৩২-এ তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেতে পারে পর্তুগাল। সেক্ষেত্রে ইকুয়েডর, সেনেগাল, অস্ট্রিয়া, আলজেরিয়া, ঘানা কিংবা ক্রোয়েশিয়ার মতো দলের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তাদের।
অন্যদিকে, কলম্বিয়ার বিপক্ষে ড্র বা হার হলে ‘কে’ গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউটে উঠতে হবে পর্তুগালকে। তখন রাউন্ড অব ৩২-এ ইংল্যান্ড, ঘানা অথবা ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী দলের মুখোমুখি হওয়ার ঝুঁকি তৈরি হবে। এমনকি নকআউটের পরবর্তী ধাপে প্রতিপক্ষ হিসেবে স্পেনের মতো শিরোপাপ্রত্যাশী দলও সামনে আসতে পারে।
বিশ্লেষকদের মতে, নতুন ব্র্যাকেট পদ্ধতিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গুরুত্ব আগের চেয়ে অনেক বেড়েছে। তাই কলম্বিয়ার বিপক্ষে জয়ই এখন পর্তুগালের প্রধান লক্ষ্য।
তবে সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে এখনই ভাবতে রাজি নন পর্তুগিজ উইঙ্গার পেদ্রো নেতো। তিনি বলেন, "আমরা গ্রুপে কোন অবস্থানে শেষ করব বা এরপর কার সঙ্গে খেলতে হতে পারে, তা নিয়ে আলোচনা করিনি। আমাদের মানসিকতা সবসময় জয়ের জন্য খেলা। আপাতত আমাদের পুরো মনোযোগ কলম্বিয়া ম্যাচে।"
বিশ্বকাপের ইতিহাসে লাতিন আমেরিকার দলগুলোর বিপক্ষে পর্তুগালের রেকর্ড মিশ্র। দক্ষিণ আমেরিকার দলগুলোর বিপক্ষে তাদের তিনটি জয়, তিনটি হার এবং তিনটি ড্র রয়েছে। তবে বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথমবারের মতো কলম্বিয়ার মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগাল।
কালের দাবি ডেস্ক