দেশের বিভিন্ন অঞ্চলে টানা অতিভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারণে ১২ জেলার বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। আগামী দুই দিনে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
রোববার (১২ জুলাই) প্রকাশিত পূর্বাভাসে পাউবো জানায়, বর্তমানে বান্দরবানের সাঙ্গু নদী, চট্টগ্রামের দোহাজারী, সুনামগঞ্জের মারকুলি ও সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী এবং নেত্রকোণার কলমাকান্দায় সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সংস্থাটি জানায়, আগামী ৪৮ ঘণ্টায় ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর, ময়মনসিংহ, নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে অথবা বিদ্যমান পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
তবে কিছু এলাকায় পরিস্থিতির উন্নতিরও সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদী এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু ও খোয়াই নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার পানি ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে পাউবো।
এ অবস্থায় নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কালের দাবি ডেস্ক