বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রতিপক্ষ শিবিরের একটি মন্তব্য ঘিরে উত্তাপ ছড়িয়েছে দুই দলের মধ্যে। জাপানের ফরোয়ার্ড কেন্তো শিওগাইয়ের “ব্রাজিল আর আগের মতো নেই” মন্তব্যে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রাজিল অধিনায়ক মারকুইনহোস।
শনিবার কিয়োদো নিউজকে দেওয়া সাক্ষাৎকারে শিওগাইয়ের ওই মন্তব্যের পর ব্রাজিল শিবিরে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মারকুইনহোস। তবে তিনি এটিকে অতিরিক্ত গুরুত্ব না দিয়ে মাঠেই জবাব দেওয়ার কথা বলেছেন।
তিনি বলেন, “এতেই যথেষ্ট হয়েছে। ওরা এভাবে কথা বলতেই থাকুক, এতে আমাদের দল আরও অনুপ্রাণিত হচ্ছে। আমরা প্রায় এক মাস ধরে যুক্তরাষ্ট্রে আছি এবং বিনয়ের সঙ্গে কঠোর পরিশ্রম করছি।”
ব্রাজিল অধিনায়কের মতে, প্রতিপক্ষের এমন মন্তব্য দলকে আরও বেশি অনুপ্রাণিত করছে। তার ভাষায়, “ওরা আরও বলুক, সেটাই আমাদের অনুপ্রেরণা জোগাবে। আমরা মাঠে আমাদের শক্তি দেখাব।”
এখন পর্যন্ত বিশ্বকাপে জাপানের হয়ে শিওগাই খুব বেশি সময় মাঠে না নামলেও তার মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বাড়তি আলোচনা ও উত্তেজনা।
মারকুইনহোস আরও বলেন, নকআউট পর্বে ম্যাচ জিততে হলে আবেগ নয়, বরং বুদ্ধিমত্তা ও ধৈর্যের প্রয়োজন। তবে প্রতিপক্ষের মন্তব্যকে তিনি অহংকার হিসেবেও ব্যাখ্যা করেন।
“হয়তো এটা তাদের একটু অহংকারই ছিল। ব্রাজিল এখনও একটি বড় দল। আমাদের শুধু নিজেদের মান দেখাতে হবে এবং প্রতিটি বলের জন্য লড়তে হবে,” বলেন তিনি।
এদিকে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি এসব কথার লড়াইয়ে না জড়িয়ে কেবল ম্যাচের প্রস্তুতিতেই মনোযোগ দিচ্ছেন। তিনি জানান, “আমরা মানসিক লড়াইয়ে জড়াতে চাই না। আমাদের লক্ষ্য শুধু মাঠের পারফরম্যান্স।”
সব মিলিয়ে জাপান-ব্রাজিল ম্যাচকে ঘিরে শুধু মাঠের লড়াই নয়, কথার উত্তেজনাও নতুন মাত্রা যোগ করেছে নকআউট পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচে।
কালের দাবি ডেস্ক