ঢাকা | বঙ্গাব্দ

অফিস সহকারী শিবু মোহান্ত আর নেই, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2026 ইং
অফিস সহকারী শিবু মোহান্ত আর নেই, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক। ছবির ক্যাপশন: মাত্র ২৪ বছর বয়সে অকালপ্রয়াণ ঘটেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির একসময়কার কেন্দ্রীয় দপ্তর সহকারী শিবু মোহান্ত গোস্বামীর। ছবি: সংগৃহীত
ad728


বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির একসময়কার কেন্দ্রীয় দপ্তর সহকারী শিবু মোহান্ত গোস্বামী আর নেই। দিনাজপুরে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার (১৪ আগস্ট) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২৪ বছর।

এত অল্প বয়সে শিবুর আকস্মিক মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাকর্মী, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শিবু মোহান্ত গোস্বামীর অকালপ্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী।

শিবুর মৃত্যুতে স্মৃতিচারণ করে সাইফুল হক বলেন, “আমাদের শিবু আর নেই। আজ কিছুক্ষণ আগে দিনাজপুরে চিকিৎসাধীন অবস্থায় আমাদের একসময়কার পার্টি অফিস সহকারী শিবু মোহান্ত গোস্বামী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বড় অসময়ে অকালে শিবুর এই চলে যাওয়া আমাদের জন্য মেনে নেওয়া কঠিন। শিবুর জন্য আমাদের শোকের ভাষা নেই। শিবুর সংগ্রামী স্মৃতির প্রতি পরম শ্রদ্ধা আর ভালোবাসা।”

পার্টি ও পরিবার সূত্রে জানা গেছে, চলতি বছরের জুন মাসে শিবু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাঁকে লাইফ সাপোর্টেও রাখা হয়েছিল। দীর্ঘ চিকিৎসার পর শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি শঙ্কামুক্ত হয়ে সাধারণ বেডে স্থানান্তরিত হন। পরবর্তীতে তিনি বাড়িতে ফিরে যান।

তবে সম্প্রতি আবারও শারীরিক জটিলতায় ভুগছিলেন শিবু। দিনাজপুরে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত মাত্র ২৪ বছর বয়সেই থেমে যায় তাঁর জীবনযাত্রা। ২০২৩ সালের জুলাই থেকে শিবু মোহান্ত গোস্বামী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় দপ্তরের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। দলীয় কর্মকাণ্ডে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের কারণে তিনি নেতাকর্মীদের কাছে একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন।

পার্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কঠিন সময়ে তাঁর ভূমিকা, সাংগঠনিক দায়িত্ববোধ এবং আত্মত্যাগী মনোভাব সহযোদ্ধাদের স্মৃতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন দলীয় নেতারা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে প্রয়াত শিবু মোহান্ত গোস্বামীর বিদেহী আত্মার পরম শান্তি কামনা করা হয়েছে। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত ১,৪৩০, নিখোঁজের তালিকায় ৫১ হাজার

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত ১,৪৩০, নিখোঁজের তালিকায় ৫১ হাজার