ইরানের ওপর যে কোনো হামলার জবাব আগের চেয়ে আরও বড় পরিসরে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামরিক কৌশলে পরিবর্তন আনছে তেহরান। আগে ইরানের সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক হলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।
তবে এর অর্থ শত্রুর বিরুদ্ধে আগাম হামলা চালানো নয় বলে স্পষ্ট করেছেন আকরামিনিয়া। তিনি বলেন, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে দেশটি সঙ্গে সঙ্গে জবাব দেবে এবং সেই জবাব হামলার চেয়েও বড় পরিসরে হবে।
ইরানের এই সেনা কর্মকর্তা জানান, আগের সংঘাতে ক্ষতিগ্রস্ত সামরিক অবকাঠামো ও ব্যবস্থা মেরামত করা হয়েছে। পাশাপাশি নতুন সামরিক সরঞ্জামও বাহিনীতে যুক্ত করা হয়েছে।
তিনি বলেন, শত্রু আবার কোনো ভুল হিসাব করলে আগের চেয়েও ভয়াবহ জবাব দেওয়ার জন্য ইরান প্রস্তুতি নিচ্ছে। সামরিক বাহিনীর নেতৃত্ব কাঠামোয় সাম্প্রতিক পরিবর্তনের লক্ষ্যও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং দ্রুত সামরিক প্রতিক্রিয়া নিশ্চিত করা।
আকরামিনিয়া আরও বলেন, যুদ্ধবিরতি ও সাময়িক নীরবতার সময়ও ইরান প্রস্তুতিতে কোনো সময় নষ্ট করেনি। কারণ, শত্রুর ওপর তাদের কোনো বিশ্বাস নেই।
যুদ্ধের পর হরমুজ প্রণালি ইরানের পররাষ্ট্রনীতির লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক প্রভাব অর্জন করেছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সাম্প্রতিক প্রতিরক্ষা সহযোগিতাকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব কমে যাওয়ার একটি ইঙ্গিত হিসেবে উল্লেখ করেছেন ইরানের এই সামরিক মুখপাত্র।

কালের দাবি ডেস্ক