ঢাকা | বঙ্গাব্দ

জনজীবনের জরুরি সংকট সমাধানে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে: সাইফুল হক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 28, 2026 ইং
জনজীবনের জরুরি সংকট সমাধানে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে: সাইফুল হক ছবির ক্যাপশন: বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তর প্রতিনিধি সভায় বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি: সংগৃহীত
ad728


জনজীবনের জরুরি সংকট সমাধানে সরকারকে দ্রুত দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক। তিনি বলেছেন, সরকার গঠনের ছয় মাস পর এখন মানুষ বাস্তব কাজের মাধ্যমে পরিবর্তনের প্রমাণ দেখতে চায়। নির্বাচিত জনপ্রিয় সরকারের কাছ থেকে জনগণ আর কোনো অজুহাত শুনতে চাইবে না।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর ফার্মগেটের ফ্লেমিংকো কনভেনশন সেন্টার মিলনায়তনে বাংলাদেশ বিপ্লবী যুব সংহতি ঢাকা মহানগর উত্তর আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা থেকে প্রায় তিন শতাধিক যুব প্রতিনিধি অংশ নেন।

সাইফুল হক বলেন, মানুষের জানমাল ও জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। দ্রুত অসহনীয় বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধপ্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। দেশের বিশাল যুবশক্তির অমিত সম্ভাবনা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনও উদ্বেগজনক দিক রয়েছে। বিভিন্ন অঞ্চলে মানুষ খুন, নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছে। রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

সরকারকে জনগণের প্রত্যাশিত পরিবর্তন বাস্তবায়নের আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, নির্বাচিত সরকারকে দৃশ্যমান কাজের মাধ্যমে নিজেদের দায়িত্বের প্রমাণ দিতে হবে। আওয়ামী লীগের মতো আর কেউ যেন জনগণের ধৈর্যের পরীক্ষা না নেয়, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে।

পররাষ্ট্রনীতির প্রসঙ্গে তিনি সরকারের নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ না করার ঘোষণাকে স্বাগত জানান। তিনি বলেন, শুধু ভারতের ক্ষেত্রে নয়, সব পরাশক্তির সঙ্গেই জাতীয় মর্যাদা ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে। ভারত বাংলাদেশের সঙ্গে সত্যিকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে বাংলাদেশবিরোধী সব অপপ্রচার ও অপতৎপরতা বন্ধ করতে হবে।

জ্বালানি নিরাপত্তার বিষয়ে সাইফুল হক বলেন, তেল, গ্যাস ও জ্বালানির মতো অতি সংবেদনশীল খাতকে কোনোভাবেই বিদেশ-নির্ভর করে রাখা যাবে না। জাতীয় স্বাবলম্বিতার নীতিতে দেশের সক্ষমতা বাড়াতে হবে। পেট্রোবাংলাসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পাশাপাশি সমুদ্র ও ভূখণ্ডে নিজেদের জ্বালানি সম্পদের অনুসন্ধান ও উত্তোলন নিশ্চিত করতে হবে।

যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, দেশের যেকোনো অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে বিপ্লবী যুবসমাজকে বুক চিতিয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে। গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে যুব সংগঠনগুলোকে আরও শক্তিশালী, সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে ভাষা আন্দোলন, ’৬৯ ও ’৭০-এর গণঅভ্যুত্থান, ’৭১-এর মুক্তিযুদ্ধ এবং ’২৪-এর গণঅভ্যুত্থান—দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ গণআন্দোলন ও সংগ্রামে যুবসমাজ জীবন দিয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে মব জাস্টিসসহ নানা ধরনের অনিশ্চয়তা ও প্রতারণার কারণে বহু যুবক বিপদে পড়েছেন। অনেকে বেকারত্বের শিকার হয়েছেন এবং জীবিকার সন্ধানে বিদেশে গিয়ে প্রাণ হারিয়েছেন। যুবসমাজের এই হতাশা ও অনিশ্চয়তা দূর করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

বহ্নিশিখা জামালী বলেন, যুবসমাজই দেশের প্রাণশক্তি। তাই হতাশ না হয়ে জেলা, উপজেলা, থানা ও ওয়ার্ড থেকে শুরু করে পাড়া-মহল্লায় যুবসমাজকে ঐক্যবদ্ধ ও জাগ্রত করতে হবে। দেশের পরিবর্তন ও মানুষের মুক্তির সংগ্রামে যুবসমাজকে শক্তিশালী বিপ্লবী শক্তি হিসেবে গড়ে তুলতে হবে।

যুব নেতা তুহিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, বাংলাদেশ বিপ্লবী যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম, সংগঠনের যুগ্ম আহ্বায়ক আওয়াল মাহমুদ এবং ঢাকা উত্তরের যুব সংগঠক ইব্রাহিম হোসেন রনি প্রমুখ।

সভায় দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, যুবসমাজের সংকট, কর্মসংস্থান, বৈষম্য ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে বক্তারা বক্তব্য দেন। তারা যুবসমাজকে ঐক্যবদ্ধ ও সংগঠিত করে অধিকার, ইনসাফ ও মুক্তির সংগ্রামকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সকালে প্রতিনিধি সভা শুরু হয়। সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ, বিপ্লবী যুব সংহতির সংগঠক অকালপ্রয়াত শিবু মোহান্ত এবং নেপালে পার্বত্য সুনামিতে নিহতদের স্মরণে গভীর শোক প্রকাশ করা হয়। পরে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজ ব্যাংক লেনদেন বন্ধ, বন্ধ থাকবে শেয়ারবাজারও

আজ ব্যাংক লেনদেন বন্ধ, বন্ধ থাকবে শেয়ারবাজারও