ঢাকা | বঙ্গাব্দ

শ্রমিকদের অভুক্ত রেখে উৎপাদনশীলতা বাড়বে না: সাইফুল হক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং
শ্রমিকদের অভুক্ত রেখে উৎপাদনশীলতা বাড়বে না: সাইফুল হক ছবির ক্যাপশন: বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সভায় বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি: সংগৃহীত
ad728


শ্রমিকদের অভুক্ত রেখে উৎপাদনশীলতা বাড়বে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি নতুন মজুরি নির্ধারণ না হওয়া পর্যন্ত গার্মেন্টসসহ বেসরকারি খাতের শ্রমিক-কর্মচারীদের জন্য জরুরি ভিত্তিতে মহার্ঘ ভাতা চালুর জন্য সরকার ও মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমিক ও তাদের পরিবারের জীবন কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় শ্রমিকরা মারাত্মক দুর্দশার মধ্যে রয়েছেন। বিদ্যমান মজুরি দিয়ে একটি শ্রমিক পরিবারের মাসের ১৫ থেকে ২০ দিন চলাও কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে দ্রুত জাতীয় ন্যূনতম মজুরি বোর্ড গঠন করতে হবে। নতুন মজুরি নির্ধারণ না হওয়া পর্যন্ত শ্রমিক-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা চালুর বিষয়েও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

শ্রমিকদের মানবিক জীবন নিশ্চিত করার ওপর শিল্পের উৎপাদনশীলতা ও স্থিতিশীলতা নির্ভর করে উল্লেখ করে সাইফুল হক বলেন, শ্রমজীবী মানুষের জীবনমানের উন্নতি না হলে শিল্পখাতে প্রত্যাশিত উৎপাদন বাড়বে না। একই সঙ্গে শিল্পাঞ্চলের স্থিতিশীলতাও নিশ্চিত করা সম্ভব হবে না।

তিনি আরও বলেন, স্বল্প সময়ের মধ্যে শিল্পাঞ্চলগুলোতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি না হলে নতুন নতুন কারখানা বন্ধ হয়ে যেতে পারে। এতে হাজার হাজার শ্রমিক বেকার হওয়ার আশঙ্কা রয়েছে। তাই শিল্পের উৎপাদন ও শ্রমিকদের কর্মসংস্থান রক্ষায় জরুরি ভিত্তিতে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি করার দাবি জানান তিনি।

ব্যাটারি চালিত রিকশার বিষয়ে সাইফুল হক বলেন, শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা না করে সরকার ও সিটি করপোরেশনকে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। সড়কে বিদ্যমান নৈরাজ্য বন্ধ করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক। বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফিরোজ আলী, কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ, জামাল সিকদার, আইয়ুব আলী, মোহাম্মদ শাহজাহান, হালিম ভূইয়া, সুমন মিয়া, নাঈম খান, নূর ইসলাম, আহসান বিল্লাল, আর ইউ হবিব, চুন্নু সিকদারসহ অনেকে।

সভায় আগামী ১৩ নভেম্বর ২০২৬ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মেলন সফল করতে মীর মোফাজ্জল হোসেন মোশতাককে আহ্বায়ক, সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং ফিরোজ আলীকে সদস্য সচিব করে ২৫ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

সভা শুরুর আগে ময়মনসিংহের প্রবীণ বামপন্থী নেতা কমরেড শাহজাহানের মৃত্যুতে এবং নেপালে পার্বত্য সুনামিতে বিপুল প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ রাখুন: সাইফুল

রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ রাখুন: সাইফুল