ঢাকা | বঙ্গাব্দ

হরমুজ প্রণালীর কাছে তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, উত্তেজনা ফের বাড়ার শঙ্কা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
হরমুজ প্রণালীর কাছে তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, উত্তেজনা ফের বাড়ার শঙ্কা ছবির ক্যাপশন: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী। ওমান উপকূলের কাছে এ নৌপথে একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফাইল ছবি।
ad728

ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালীর নিকটবর্তী সমুদ্রে একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার সংঘটিত এ ঘটনার তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (UKMTO)

সংস্থাটি জানায়, ওমানের লিমাহ উপকূল থেকে প্রায় আট নটিক্যাল মাইল পূর্বে দক্ষিণমুখী একটি তেলবাহী ট্যাংকারের বাম পাশে একটি অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়।

তবে এ ঘটনায় কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউকেএমটিও জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সন্দেহজনক যেকোনো তৎপরতার তথ্য দ্রুত কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের সময় হরমুজ প্রণালী বৈশ্বিক উত্তেজনার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। সে সময় বাণিজ্যিক জাহাজে একাধিক হামলা এবং নৌপথে বিঘ্নের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

পরবর্তীতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতার পর হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু হলেও ইরান জানিয়ে দেয়, যুদ্ধ-পূর্ব পরিস্থিতিতে আর ফেরা হবে না। দেশটি তাদের উপকূলঘেঁষা নির্ধারিত করিডরের বাইরে নৌযান চলাচল না করারও সতর্কবার্তা দিয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে উপসাগরীয় অঞ্চলের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাস এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। ফলে এ অঞ্চলে যেকোনো নিরাপত্তা ঝুঁকি বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিপদসীমার ওপরে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে ডালিয়া ব্যারাজ

বিপদসীমার ওপরে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে ডালিয়া ব্যারাজ