ঢাকা | বঙ্গাব্দ

মালয়েশিয়ায় পৌঁছেই লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 21, 2026 ইং
মালয়েশিয়ায় পৌঁছেই লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন: কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। ছবি: পিএমও
ad728

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে দেশটিতে পৌঁছালে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। রোববার স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায়া ভিভিআইপি টার্মিনালে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তাঁর সহধর্মিণী। এসময় ছোট্ট শিশু মাইসা নুর আইশা ফুল দিয়ে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে শুভেচ্ছা জানায়। প্রধানমন্ত্রীকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার। আনুষ্ঠানিক অভ্যর্থনার সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত বাজানো হয়।

এসময় মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী, ডেপুটি হাইকমিশনার সাহানারা মনিকাসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিশেষ মোটর শোভাযাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রীকে কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ও সফরসঙ্গীরা এই হোটেলেই অবস্থান করবেন। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত প্রায় ৫০ মিনিটের সড়কপথ বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকায় সজ্জিত করা হয়।

সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম মালয়েশিয়া সফর। সোমবার পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তাঁর একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। পরে দুই দেশের প্রতিনিধিদলের অংশগ্রহণে দ্বিপক্ষীয় বৈঠক ও যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সফরে শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, সংস্কৃতি, জ্বালানি ও জনশক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। এছাড়া কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনাও রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা