ঢাকা | বঙ্গাব্দ

চোরাগোপ্তা পথে নয়, শেখ হাসিনাকে ফিরতে হলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: সাইফুল হক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 26, 2026 ইং
চোরাগোপ্তা পথে নয়,  শেখ হাসিনাকে ফিরতে হলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: সাইফুল হক ছবির ক্যাপশন: শেখ হাসিনার প্রত্যাবর্তন, রাজনৈতিক সহিংসতা ও শ্রমিকদের মজুরি ইস্যুতে পুরানা পল্টনে বিক্ষোভ সমাবেশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সমাবেশে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক সাইফুল হক।
ad728

শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হলে চোরাগোপ্তা পথে নয়, আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চাইলে ক্ষমা প্রার্থনা, দায় স্বীকার, অনুশোচনা ও বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে হত্যা, সন্ত্রাস, নাশকতা ও অগ্নিসংযোগের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন সাইফুল হক। সমাবেশে সভাপতিত্ব করেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী। সঞ্চালনা করেন কেন্দ্রীয় সদস্য মীর রেজাউল আলম।


সমাবেশে সাইফুল হক বলেন, পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে তাকে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। দেশে ফিরতে হলে প্রথমেই আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে।

তিনি বলেন, ভারত-বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠাতে পারে। এ ছাড়া দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে আত্মসমর্পণ করে আইনের মুখোমুখি হওয়ার পথও তার জন্য খোলা রয়েছে।

শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় সহিংসতা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে সাইফুল হক বলেন, এসব কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, সন্ত্রাসের মাধ্যমে দেশে ফেরার চেষ্টা সফল হবে না। আইসিটি মামলায় আত্মপক্ষ সমর্থন ও আত্মসমর্পণের সুযোগ থাকলেও তা গ্রহণ করা হয়নি। এখন বাংলাদেশে ফিরতে হলে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আত্মসমর্পণের পথেই আসতে হবে।


ভারত সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। শেখ হাসিনা ও আওয়ামী লীগের নামে বাংলাদেশে সন্ত্রাসী তৎপরতা চলছে বলে অভিযোগ করে এসব বিষয়ে ভারত সরকার অবগত কি না, তা স্পষ্ট করার দাবি জানান তিনি।

সাইফুল হক বলেন, একদিকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সমমর্যাদার সম্পর্কের কথা বলছে ভারত, অন্যদিকে ভারতীয় ভূখণ্ডে আশ্রয় পাওয়া একজন সাবেক সরকারপ্রধানের রাজনৈতিক ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি হলে তা বন্ধুত্বের নমুনা হতে পারে না।

তিনি বলেন, ভারত সত্যিই বন্ধুত্ব ও মিত্রতা চাইলে আইন মেনে শেখ হাসিনা যাতে বাংলাদেশে ফিরতে পারেন, সেই ব্যবস্থা করা উচিত।


সাইফুল হক বলেন, গত আড়াই বছরে আওয়ামী লীগের বড় অংশ সামাজিক ও রাজনৈতিকভাবে আত্মীকরণ হয়েছে। তাদের অনেকে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। শেখ হাসিনার ফেরার ঘোষণা সেই পরিস্থিতিকে নতুন করে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে।

আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চাইলে ক্ষমা প্রার্থনা, দায় স্বীকার, অনুশোচনা এবং প্রচলিত বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, গত ১৭ বছর মানুষ ভোটাধিকার, গণতন্ত্র ও নির্বাচিত সরকারের জন্য আন্দোলন করেছে। এখন কোনো পক্ষ নতুন করে গৃহযুদ্ধ বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে জনগণ ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে।

স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও গণতান্ত্রিক ধারাবাহিকতার প্রশ্নে দেশের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, তা আরও সংহত করার আহ্বান জানান তিনি।


সরকারের উদ্দেশে সাইফুল হক বলেন, আওয়ামী লীগের বিষয়টিকে শুধু আইনশৃঙ্খলার সমস্যা হিসেবে বিবেচনা করলে চলবে না, এর রাজনৈতিক দিকও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। জনগণ, রাজনৈতিক দল ও শ্রমজীবী-মেহনতি মানুষের কার্যকর ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ইতিবাচক হলেও তা যেন শুধু প্রচারে সীমাবদ্ধ না থাকে। জনগণের সব অংশ, শ্রেণি ও পেশার মানুষকে আস্থায় নিয়ে কার্যকর জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

সাইফুল হক বলেন, বাংলাদেশকে সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তির নতুন লীলাক্ষেত্রে পরিণত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ এবং শ্রমিক-কৃষক ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাজপথে থাকবে।


সমাবেশে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে চলমান আন্দোলনের প্রসঙ্গও তুলে ধরেন সাইফুল হক। তিনি বলেন, ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য নয়। শ্রমিকদের জীবনধারণের উপযোগী মজুরি পুনর্নির্ধারণ করতে হবে।

মজুরি বোর্ডকে আবার বসে শ্রমিকদের দাবি বিবেচনার আহ্বান জানিয়ে সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি। সাইফুল হক বলেন, শ্রমিকের পেটে আগুন জ্বললে দেশে শান্তি আসবে না।

বহ্নিশিখা জামালী বলেন, গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৈষম্য দীর্ঘদিনের। শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে। শ্রমিকদের জীবনমান উন্নত হলে দেশের মানুষও ভালো থাকবে।

বর্তমান সরকারের প্রতি জনগণের জীবনমান উন্নয়নে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের দিকে নজর না দিয়ে সাধারণ মানুষের দিকে নজর দিতে হবে। অন্যথায় আবারও রাজপথে আন্দোলন শুরু হবে।

আকবর খান বলেন, শ্রমিকদের জীবনধারণের বাস্তবতা বিবেচনায় নিয়ে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি পতিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


সমাবেশে আরও বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম ও ঢাকা মহানগর উত্তর বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক তুহিন রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিপ্লবী যুব সংহতির সভাপতি মো. ইব্রাহিম হোসেন রনি, পার্টির সদস্য মোহাম্মদ আলী, আরিফ ইসলাম, নান্টু দাসসহ অন্যান্য নেতাকর্মী।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পা

অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পা