রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় সাইফুল হকের সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে সাইফুল হক জাতীয় সংসদে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হয়ে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান।
সাইফুল হক বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের নির্বাচন এবং দায়িত্ব গ্রহণ দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাষ্ট্রের প্রধান অভিভাবক হিসেবে তিনি প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বহুত্ববাদী ধারায় দেশকে এগিয়ে নিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
সাক্ষাৎকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য কামনা করেন।
এ সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতি শ্রদ্ধার সঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং দেশের গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীসহ দেশের জনগণের সাহসী ভূমিকার কথা স্মরণ করেন।
সাক্ষাৎকালে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নিয়ে পারস্পরিক শুভেচ্ছা ও প্রত্যাশার বিষয়ও উঠে আসে।

কালের দাবি ডেস্ক