ঢাকা | বঙ্গাব্দ

আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2026 ইং
আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের মুখোমুখি  নরওয়ে ছবির ক্যাপশন: আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে
ad728

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ নাটকীয় লড়াইয়ে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। ম্যাচের শেষ মুহূর্তে আর্লিং হালান্ডের জয়সূচক গোলে উল্লাসে মেতে ওঠে নরওয়েজিয়ানরা। অন্যদিকে, হৃদয়ভাঙা বিদায় নিতে হয় আইভরি কোস্টকে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় আইভরি কোস্ট। প্রথম ৩০ মিনিটে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল আফ্রিকান প্রতিনিধিরা। তবে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা না পাওয়ায় শেষ পর্যন্ত তার খেসারত দিতে হয়েছে তাদের।

প্রথমার্ধ শেষ হওয়ার ছয় মিনিট আগে নরওয়েকে এগিয়ে দেন আন্তোনিও নুসা। পেপেকে কাটিয়ে পেনাল্টি বক্সে ঢুকে ডান পায়ের দুর্দান্ত বাঁকানো শটে বল জালের ওপরের কোণে পাঠান তিনি। গোলরক্ষকের পক্ষে সেই শট ঠেকানো সম্ভব হয়নি।

বিরতির আগে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন আর্লিং হালান্ড ও আলেকজান্ডার সোরলথ। তবে কেউই সুযোগ কাজে লাগাতে না পারায় ১-০ গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে নরওয়ে।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আমাদু দিয়ালো। প্রথমে নিশ্চিত গোললাইন ক্লিয়ারেন্স করে নরওয়ের দ্বিতীয় গোল ঠেকান তিনি। এরপর আক্রমণে উঠে পেপের সঙ্গে দারুণ বোঝাপড়ায় দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ভেতর থেকে নিখুঁত ফিনিশে সমতা ফেরান আইভরি কোস্টের এই ফুটবলার।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায়, তখনই নিজের তারকাখ্যাতির প্রমাণ দেন আর্লিং হালান্ড। নির্ধারিত সময় শেষ হওয়ার চার মিনিট আগে অস্কার ববের পাস থেকে তৈরি আক্রমণে ডান প্রান্ত থেকে বার্গের নিচু ক্রস পেয়ে শট নেন হালান্ড। শটটি খুব শক্তিশালী না হলেও বল ধীরে ধীরে গোললাইন অতিক্রম করে জালে জড়িয়ে যায়।

হালান্ডের সেই গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে নরওয়ে এবং জায়গা করে নেয় বিশ্বকাপের শেষ ষোলোয়।

এই হারের মধ্য দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শেষ হলো আইভরি কোস্টের। তবে প্রথমবারের মতো গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে ওঠার সাফল্য নিয়ে দেশে ফিরবে আফ্রিকার দলটি।

অন্যদিকে, শেষ ষোলোতে নরওয়ের সামনে অপেক্ষা করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। হালান্ডদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেলেসাওদের টপকে কোয়ার্টার-ফাইনালের টিকিট নিশ্চিত করা।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আশুরা উপলক্ষে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

আশুরা উপলক্ষে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার