প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসী বাংলাদেশিদের প্রতি দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন, “আসুন আমরা সকলে মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি, যাতে সকলে মিলে ভালো থাকতে পারি।” রোববার স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় কুয়ালালামপুরের হোটেল শাংগ্রি-লায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, “আজকে আমাদের কী দাবি আছে, সেটি থেকে বেরিয়ে এসে আমাদের দেশের প্রতি কী কর্তব্য আছে, সেটি নিয়ে ভাবতে হবে।” তিনি দেশবাসীর পক্ষ থেকে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের জন্য কী করা যায়, সেটিই হোক সবার প্রধান চিন্তা। গত দেড় দশকের শাসনব্যবস্থার সমালোচনা করে তারেক রহমান বলেন, একটি গোষ্ঠী দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। জনগণের ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।
বিএনপির নির্বাচনী অঙ্গীকারগুলোর কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল পুনঃখননসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে তিনি দেশবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন। বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সামনে একটি অত্যন্ত সুন্দর ভবিষ্যৎ রয়েছে। তবে এর জন্য পরিশ্রম, ত্যাগ ও ধৈর্যের প্রয়োজন।”
প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যক্তিগত আক্রোশ থেকে প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকলেও তা দেশের কোনো উপকারে আসবে না। প্রধানমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রথম শুভেচ্ছা জানিয়েছিলেন। প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তিনি মালয়েশিয়ার সরকারপ্রধানের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।
দুই দিনের সরকারি সফরের অংশ হিসেবে সোমবার সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কালের দাবি ডেস্ক