ঢাকা | বঙ্গাব্দ

বিপদসীমার ওপরে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে ডালিয়া ব্যারাজের ৪৪ জলকপাট

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 28, 2026 ইং
বিপদসীমার ওপরে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে ডালিয়া ব্যারাজের ৪৪ জলকপাট ছবির ক্যাপশন: উজানের পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণ
ad728

উজানের পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের সবকটি, অর্থাৎ ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (২৮ জুন) সন্ধ্যা ৬টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা যায়। এর আগে বিকেল ৩টায় পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার নিচে ছিল। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পানির এমন দ্রুত বৃদ্ধি নদীতীরবর্তী এলাকাগুলোতে উদ্বেগ তৈরি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই তিস্তার পানি বাড়তে শুরু করে। বিকেলের পর পানি বৃদ্ধি আরও তীব্র হলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ও ডাউয়াবাড়ী ইউনিয়ন এবং আদিতমারী উপজেলার মহিষখোঁচা এলাকার বিভিন্ন চর ও নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করে। এতে হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন এবং শত শত একর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে।

হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের চরাঞ্চলের বাসিন্দা রবিউল হাসান বলেন, "এত দ্রুত পানি বাড়বে ভাবিনি। আমার চরের জমিতে বাদাম চাষ ছিল। আর কয়েকদিন সময় পেলে ফসল ঘরে তুলতে পারতাম। এখন সব পানির নিচে চলে গেছে।"

একই ধরনের ক্ষতির কথা জানান সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের পাকার মাথা এলাকার কৃষক মশিয়ার রহমান। তিনি বলেন, "হঠাৎ করেই পানি বেড়ে খেতের সব বাদাম তলিয়ে গেছে। এতে আমরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি।"

তিস্তা ব্যারাজ কর্তৃপক্ষ জানিয়েছে, উজানের ঢলের কারণে নদীতে পানির চাপ বেড়ে যাওয়ায় ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। তবে উজান থেকে পানির প্রবাহ অব্যাহত থাকায় পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ রয়েছে।

এ বিষয়ে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার রায় বলেন, "উজানের ভারী ঢলের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং ডালিয়া পয়েন্টে তা বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীতীরবর্তী নিচু এলাকাগুলোতে ইতোমধ্যে পানি প্রবেশ শুরু হয়েছে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।"


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি