ঢাকা | বঙ্গাব্দ

মন্ত্রিসভায় নবম পে-স্কেল অনুমোদন, ধাপে ধাপে বাস্তবায়ন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2026 ইং
মন্ত্রিসভায় নবম পে-স্কেল অনুমোদন, ধাপে ধাপে বাস্তবায়ন ছবির ক্যাপশন: নবম জাতীয় বেতন কাঠামো অনুমোদন করেছে মন্ত্রিসভা
ad728

সরকারি বেতন বেড়ে দ্বিগুণের বেশি, অনুমোদন নবম পে-স্কেলের


সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন কাঠামোয় গ্রেডভেদে সরকারি চাকরিজীবীদের প্রারম্ভিক মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। আগামী ১ জুলাই থেকে তিন ধাপে নতুন এ বেতন কাঠামো কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নবম জাতীয় বেতন কাঠামো অনুমোদন করা হয়। পরে অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

নতুন বেতন কাঠামো অনুযায়ী, সর্বনিম্ন ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হয়েছে। অর্থাৎ এ গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ।

অন্যদিকে সর্বোচ্চ প্রথম গ্রেডের নির্ধারিত মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে। সচিব পদমর্যাদার কর্মকর্তারা এ গ্রেডে বেতন পান।

কোন গ্রেডে কত বেতন


নতুন কাঠামোয় প্রথম থেকে ১১তম গ্রেডে মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। ১২তম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধির হার ১১৫ থেকে ১৪২ শতাংশ।

প্রথম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা, দ্বিতীয় গ্রেডে ৬৬ হাজার থেকে ১ লাখ ৩২ হাজার টাকা এবং তৃতীয় গ্রেডে ৫৬ হাজার ৫০০ থেকে ১ লাখ ১৩ হাজার টাকা করা হয়েছে।

চতুর্থ গ্রেডের মূল বেতন ৫০ হাজার থেকে বেড়ে ১ লাখ টাকা এবং পঞ্চম গ্রেডে ৪৩ হাজার থেকে বেড়ে ৮৬ হাজার টাকা হয়েছে।

ষষ্ঠ গ্রেডে ৩৫ হাজার ৫০০ থেকে ৭১ হাজার টাকা এবং সপ্তম গ্রেডে ২৯ হাজার থেকে ৫৮ হাজার টাকা করা হয়েছে। অষ্টম গ্রেডে ২৩ হাজার থেকে বেড়ে ৪৬ হাজার টাকা এবং নবম গ্রেডে ২২ হাজার থেকে ৪৪ হাজার টাকা হয়েছে।

বিসিএসের মাধ্যমে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা পদে সরকারি চাকরিতে যোগ দেওয়া কর্মকর্তারা সাধারণত নবম গ্রেডে বেতন পান।

দশম গ্রেডে মূল বেতন ১৬ হাজার থেকে বেড়ে ৩২ হাজার টাকা এবং ১১তম গ্রেডে ১২ হাজার ৫০০ থেকে বেড়ে ২৫ হাজার টাকা করা হয়েছে।

১২তম গ্রেডে ১১ হাজার ৩০০ থেকে ২৪ হাজার ৩০০ টাকা, ১৩তম গ্রেডে ১১ হাজার থেকে ২৪ হাজার টাকা, ১৪তম গ্রেডে ১০ হাজার ২০০ থেকে ২৩ হাজার ৫০০ টাকা এবং ১৫তম গ্রেডে ৯ হাজার ৭০০ থেকে ২২ হাজার ৮০০ টাকা করা হয়েছে।

১৬তম গ্রেডে মূল বেতন ৯ হাজার ৩০০ থেকে বেড়ে ২১ হাজার ৯০০ টাকা, ১৭তম গ্রেডে ৯ হাজার থেকে ২১ হাজার ৪০০ টাকা, ১৮তম গ্রেডে ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার টাকা, ১৯তম গ্রেডে ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫০০ টাকা এবং ২০তম গ্রেডে ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার টাকা করা হয়েছে।

দীর্ঘ আলোচনার পর অনুমোদন


সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নিয়ে কয়েক বছর ধরে আলোচনা চলছিল। এর ধারাবাহিকতায় গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল।

কমিটি দুই ধাপে বেতন বৃদ্ধি বাস্তবায়নের প্রস্তাব দিয়েছিল। এর মধ্যে প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর করার বিষয়টি আলোচনায় ছিল।

এর আগে অষ্টম বেতন কমিশনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। কমিশন বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছিল।

কমিশনের সুপারিশে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ নির্ধারিত বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব ছিল।

শেষ পর্যন্ত মন্ত্রিসভার অনুমোদিত কাঠামোয় সর্বোচ্চ গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।

নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন উল্লেখযোগ্যভাবে বাড়বে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি হওয়ায় নতুন পে-স্কেলটি সরকারি চাকরিজীবীদের জন্য বড় ধরনের আর্থিক পরিবর্তন আনবে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ