ঢাকা | বঙ্গাব্দ

খেলার মাঠ ও ফুটপাত দখলমুক্তে সরকার কঠোর, সংসদে জানালেন প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2026 ইং
খেলার মাঠ ও ফুটপাত দখলমুক্তে সরকার কঠোর, সংসদে জানালেন প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন: ছবি: পিএমও
ad728

খেলার মাঠ, পার্ক ও ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিশু-কিশোরদের খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে এবং নগরবাসীর জন্য উন্মুক্ত স্থান সংরক্ষণে দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের খেলাধুলার পরিবেশ উন্নয়নের পাশাপাশি শিশুদের জন্য খেলার মাঠ উন্মুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে ঢাকার অধিকাংশ পার্ক ও খেলার মাঠ উচ্ছেদ অভিযানের মাধ্যমে দখলমুক্ত করা হয়েছে এবং সেগুলোর আধুনিকায়ন কার্যক্রম চলছে।

তিনি জানান, পার্ক ও খেলার মাঠে নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা প্রহরী নিয়োগ, পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মালিকানাধীন ৩৮টি পার্ক, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান বর্তমানে দখলমুক্ত রয়েছে। এর মধ্যে ২০টি পার্ক, ৪টি খেলার মাঠ, ২টি শিশু পার্ক এবং ২টি ঈদগাহ মাঠের উন্নয়নকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, রাজউকসহ বিভিন্ন সংস্থার অধীন আরও ১৫১টি পার্ক, খেলার মাঠ, শিশুপার্ক, ঈদগাহ মাঠ ও উন্মুক্ত স্থান পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে।

তিনি আরও বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন সব অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২৫৬টি পার্ক ও খেলার মাঠ রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, এসব স্থানের অবৈধ দখলও উচ্ছেদ করা হয়েছে। বর্তমানে মালিটোলা পার্ক, শহীদ মতিউর রহমান পার্ক, মতিঝিল পার্ক, নবাবগঞ্জ পার্ক, ওসমানী উদ্যান, যাত্রাবাড়ী শিশু পার্ক, শাহবাগ শিশু পার্ক, বাসাবো খেলার মাঠ, সাদেক হোসেন খোকা খেলার মাঠ, হাজারীবাগ পার্কসহ বিভিন্ন পার্ক ও মাঠে উন্নয়নকাজ চলমান রয়েছে।

গাজীপুর সিটি করপোরেশন এলাকায় খেলার মাঠের সংখ্যা তুলনামূলক কম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেখানে ৮টি জোনে ৮টি এবং ৫৭টি ওয়ার্ডে ৫৭টি খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঠ সংরক্ষণ ও উন্নয়নে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

এ ছাড়া ময়মনসিংহ, বরিশালসহ দেশের অন্যান্য সিটি করপোরেশন এলাকাতেও পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করে সেগুলোকে খেলাধুলা ও জনসাধারণের ব্যবহারের উপযোগী করে গড়ে তোলার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুপ্রিম কোর্টে তোলপাড়: একযোগে পদত্যাগ করলেন ৭ ডেপুটি ও ১১ সহ

সুপ্রিম কোর্টে তোলপাড়: একযোগে পদত্যাগ করলেন ৭ ডেপুটি ও ১১ সহ