ঢাকা | বঙ্গাব্দ

র‍্যাগিংয়ে জাবির ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 16, 2026 ইং
র‍্যাগিংয়ে জাবির ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে জরিমানা করা হয়েছে। ছবি: সংগৃহীত
ad728


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র‍্যাগিংয়ের পৃথক দুই ঘটনায় পদার্থবিজ্ঞান ও ইতিহাস বিভাগের ২০ শিক্ষার্থীকে মোট ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানার অর্থ পরিশোধ না করা পর্যন্ত তাদের চলমান ও পরবর্তী নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান সই করা পৃথক দুটি অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।


অফিস আদেশ অনুযায়ী, গত ২০ জুলাই দিবাগত রাত ১০টা থেকে ভোর ৩টা পর্যন্ত পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে একই বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীকে র‍্যাগিং করার অভিযোগ ওঠে।

শেরেবাংলা এ কে ফজলুল হক হলের পশ্চিম পাশে (মনপুরা) ওই ঘটনায় ভুক্তভোগীদের অমানবিক নির্যাতন, অকথ্য ভাষায় গালাগাল এবং কান ধরিয়ে ওঠবস করানোর অভিযোগ উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বিভাগের আট শিক্ষার্থীকে মোট ৩ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তাদের মধ্যে মো. জাহিদ হাসান, মো. ফজলে হাসান ফাহাদ ও সৈয়দ সাকিব আহমেদ রাতুলকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মো. মাহমুদুল আমিন সিয়াম, মো. মোস্তাফিজুর রহমান মিজু ও মো. ফয়সাল আহমেদকে ৪৫ হাজার টাকা করে, মো. মাহমুদুল হাসান খান আকিবকে ৪০ হাজার এবং মো. আল-আমিন হোসাইনকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


অন্য ঘটনায় গত ৩ জুলাই দিবাগত রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে একই বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১৩ শিক্ষার্থীকে র‍্যাগিং করার অভিযোগ ওঠে।

বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে ওই শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালাগাল, কান ধরানো এবং ‘ম্যানার শেখানোর’ নামে র‍্যাগিং করা হয় বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থীকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তাদের মধ্যে মো. আবু আবতাহী অনিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নাছিম উদ্দিন মজুমদার, মো. মাহফুজুর রহমান অন্ত, আব্দুল্লাহ মাহদী, শুভাশীষ রায় প্রান্ত, মো. রায়হান খান, মো. নাঈমুল হাসান, মো. ইসফাক হাদী, নাঈম আহমেদ সজিব, কার্তিক চন্দ্র রায়, কাজী শাহ জামশেদ আলম নাবিল ও সাইফুল্লাহ মানসুর আনানকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।


বিশ্ববিদ্যালয় প্রশাসনের অফিস আদেশে বলা হয়েছে, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮’-এর ধারা ৩(২)(ঘ) অনুযায়ী শিক্ষার্থীদের এ জরিমানা করা হয়েছে।

জরিমানার অর্থ পরিশোধ না করা পর্যন্ত তাদের চলমান পরীক্ষা, টার্ম ফাইনাল পরীক্ষা কিংবা পরবর্তী নির্ধারিত পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি স্থগিত থাকবে।


অফিস আদেশে আরও সতর্ক করা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের অপরাধ আবার সংঘটিত হলে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে সরকার-বিরোধী দলের তুমুল বাদানুবাদ, উদ্বিগ্ন স্পিকার

সংসদে সরকার-বিরোধী দলের তুমুল বাদানুবাদ, উদ্বিগ্ন স্পিকার