ঢাকা | বঙ্গাব্দ

এক কার্ডেই সরকারি সব সুবিধা: ‘ইউনিভার্সাল কার্ড’

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2026 ইং
এক কার্ডেই সরকারি সব  সুবিধা: ‘ইউনিভার্সাল কার্ড’ ছবির ক্যাপশন:
ad728

দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও সমন্বিত ও সহজলভ্য করতে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি কল্যাণমূলক সেবা ও সুবিধা একক প্ল্যাটফর্মে আনা হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড, স্পোর্টস কার্ডসহ বিভিন্ন খাতের বিদ্যমান সুবিধাগুলো ভবিষ্যতে একটি সমন্বিত ‘ইউনিভার্সাল কার্ড’-এর আওতায় নিয়ে আসা হবে। এতে নাগরিকরা এক পরিচয়পত্রের মাধ্যমেই সরকারি বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।

প্রধানমন্ত্রী বলেন, নাগরিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই বিচ্ছিন্নভাবে বিভিন্ন কার্ড পরিচালনার পরিবর্তে একটি সমন্বিত ব্যবস্থার মাধ্যমে সরকারি সেবা আরও কার্যকর ও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বক্তব্যে কৃষকদের জন্য সরকারের নেওয়া পদক্ষেপও তুলে ধরেন তিনি। জানান, সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত বকেয়া থাকা প্রান্তিক কৃষকদের কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। এতে প্রায় ১৩ লাখ কৃষক সরাসরি উপকৃত হয়েছেন।

সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের প্রশ্নে সরকারি ও বিরোধী দল একসঙ্গে কাজ করলে দেশের সামগ্রিক উন্নয়ন আরও গতিশীল হবে।

অর্থনৈতিক পরিকল্পনার বিষয়ে প্রধানমন্ত্রী জানান, ঋণনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে বিনিয়োগ ও কর্মসংস্থানভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। তথ্যপ্রযুক্তি, ব্লু ইকোনমি, ইকোট্যুরিজমসহ উৎপাদনশীল বিভিন্ন খাতে ব্যাপক কর্মসংস্থান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির কথাও উল্লেখ করেন তিনি। এ প্রকল্পের মাধ্যমে নতুন নার্সারি উদ্যোক্তা তৈরি এবং বিপুলসংখ্যক তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, জুলাই সনদে অন্তর্ভুক্ত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন, সাংবিধানিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং একটি গণতান্ত্রিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক