প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার করতে প্রথমবারের মতো যৌথ প্রতিরক্ষা উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও জাপান। নতুন এই সমঝোতার মাধ্যমে প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়ন, সামুদ্রিক নিরাপত্তা এবং ইন্দো-প্রশান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একসঙ্গে কাজ করবে দুই দেশ।
বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষরের পর যৌথ সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদি বলেন, নতুন এই অংশীদারত্বের আওতায় দুই দেশ যৌথভাবে প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়ন করবে এবং আইনভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা, আঞ্চলিক নিরাপত্তা ও সামুদ্রিক সহযোগিতা আরও শক্তিশালী করতে কাজ করবে।
তিনি বলেন, ভারত ও জাপান উভয়েই একটি স্বাধীন, উন্মুক্ত এবং আইনভিত্তিক ইন্দো-প্রশান্ত অঞ্চল গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে দুই দেশের সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মোদি আরও বলেন, এই প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে ভারত-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারত্ব আরও গভীর হবে।
এদিকে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিরক্ষা চুক্তির পাশাপাশি সফরকালে দুই দেশের মধ্যে আরও ১২০টি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর হয়েছে।
এসব চুক্তির আওতায় আগামী ১০ বছরে ভারতে ১০ লক্ষ কোটি ইয়েন বিনিয়োগের পরিকল্পনা রয়েছে জাপানের। এই বিনিয়োগের বড় একটি অংশ নবায়নযোগ্য জ্বালানি, শিল্প উন্নয়ন এবং জ্বালানি নিরাপত্তা খাতে ব্যয় করা হবে।
ভারতীয় কর্মকর্তাদের মতে, পরিচ্ছন্ন জ্বালানি ও প্রযুক্তিনির্ভর বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাও নতুন গতি পাবে।
কালের দাবি ডেস্ক