ঢাকা | বঙ্গাব্দ

শ্রমিকদের আন্দোলনে দমনপীড়ন নয়, প্রয়োজন ন্যায্য মজুরি: সাইফুল হক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2026 ইং
শ্রমিকদের আন্দোলনে দমনপীড়ন নয়, প্রয়োজন ন্যায্য মজুরি: সাইফুল হক ছবির ক্যাপশন: ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে শ্রমিকদের ওপর হামলা বন্ধ ও আলোচনার মাধ্যমে ন্যায্য মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন সাইফুল হক।
ad728

ঢাকা, আশুলিয়াসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের ওপর পুলিশ ও বিজিবির হামলা, লাঠিপেটা ও নির্যাতনের নিন্দা জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি শ্রমিকদের ওপর দমনপীড়ন বন্ধ করে আলোচনার মাধ্যমে দ্রুত বেঁচে থাকার উপযোগী ন্যায্য ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন।

সোমবার (২ নভেম্বর) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন। এতে শ্রমিকদের সমাবেশে হামলা ও হয়রানির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দমনমূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানায় দলটি।

সাইফুল হক বলেন, শ্রমিকদের বেঁচে থাকার দাবিতে চলমান ন্যায্য ও স্বতঃস্ফূর্ত  আন্দোলনকে কোনো কুচক্রী মহলের ষড়যন্ত্র হিসেবে দেখিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। শ্রমিকদের ন্যায্য দাবিকে ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে আন্দোলনের যৌক্তিকতা নষ্ট করা যাবে না।

তবে শ্রমিকদের ন্যায্য আন্দোলন যাতে কোনো অপশক্তি নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।


বিজ্ঞপ্তিতে সাইফুল হক উল্লেখ করেন, পোশাকশ্রমিকদের জন্য সম্প্রতি ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে। এ অবস্থায় সংকট সমাধানে শ্রমিকদের শান্ত, সংযত ও ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

সাইফুল হকের ভাষ্য, অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখা সংকটের সমাধান নয়। বরং সরকার, মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস তৈরি করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কালক্ষেপণ না করে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বাস্তবসম্মত আলোচনা করে শ্রমিকদের বেঁচে থাকার উপযোগী ন্যায্য ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে।

একই সঙ্গে সংকট নিরসনে শ্রমিকদের ওপর হামলা, মামলা ও হয়রানি বন্ধের আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আদানির বিদ্যুৎকেন্দ্রের ইউনিট চালু হওয়ার দিনেই রামপালের এক ই

আদানির বিদ্যুৎকেন্দ্রের ইউনিট চালু হওয়ার দিনেই রামপালের এক ই