ঢাকা | বঙ্গাব্দ

বাজারদর নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি ব্যবহার করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 3, 2026 ইং
বাজারদর নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি ব্যবহার করবে সরকার: বাণিজ্যমন্ত্রী ছবির ক্যাপশন: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
ad728

দেশের বাজার পরিস্থিতি আরও কার্যকরভাবে পর্যবেক্ষণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম ধাপে ৩০টি গুরুত্বপূর্ণ পণ্যকে এআইভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থার আওতায় আনা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (৩ জুলাই) সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সরকারি অনুদান, পুরস্কার ও বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, শুধু বাজারদর পর্যবেক্ষণ নয়, পণ্যের উৎপাদন, আবহাওয়ার সম্ভাব্য প্রভাব, সরবরাহ পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারের প্রবণতা বিশ্লেষণ করেও আগাম পূর্বাভাস দেওয়া হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি এআইভিত্তিক তথ্য বিশ্লেষণ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের মাধ্যমে বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সম্ভাবনা আগে থেকেই শনাক্ত করা সম্ভব হবে, ফলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকার আরও দ্রুত ও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

সিলেটের কৃষি সম্ভাবনার কথা তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমানে দেশের সবজি রপ্তানিকারকদের বড় একটি অংশ সিলেটের। তবে মানসম্মত প্যাকেজিং ও আন্তর্জাতিক সার্টিফিকেশনের সীমাবদ্ধতার কারণে রপ্তানির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। এসব সমস্যা সমাধানে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কৃষিপণ্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে সারাদেশে প্রায় দুই হাজার কোল্ড স্টোরেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে, যার উল্লেখযোগ্য অংশ সিলেট অঞ্চলে স্থাপন করা হবে।

শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন, উৎপাদন অব্যাহত রাখতে সরকার প্রয়োজনীয় অবকাঠামো ও জ্বালানি ব্যবস্থাপনা জোরদারে কাজ করছে।

অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন খাতে সরকারি অনুদান, জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার, প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীদের মধ্যে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনও করা হয়।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
কালের দাবি ডেস্ক

কালের দাবি ডেস্ক

সর্বশেষ সংবাদ
প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল