ঢাকা | বঙ্গাব্দ

বন্যা-ভূমিধস মোকাবিলায় প্রস্তুত সরকার, ১৭ জেলায় স্বল্পমেয়াদি বন্যার সতর্কতা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
বন্যা-ভূমিধস মোকাবিলায় প্রস্তুত সরকার, ১৭ জেলায় স্বল্পমেয়াদি বন্যার সতর্কতা ছবির ক্যাপশন: টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও পাহাড়ধস
ad728

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও পাহাড়ধসের আশঙ্কা দেখা দিলেও পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। একই সময়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র দেশের ১৭ জেলায় আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে স্বল্পমেয়াদি বন্যার সম্ভাবনার কথা জানিয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ত্রাণমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকায় বন্যা ও পাহাড়ধসের ঝুঁকি রয়েছে, সেখানে স্থানীয় প্রশাসনকে আগেই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে কক্সবাজারে পাহাড়ধসে প্রাণহানির ঘটনার পর জেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সহায়তা কার্যক্রম দ্রুত শুরু করা হয়েছে।

তিনি জানান, চট্টগ্রাম, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা—বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির জন্য ইতোমধ্যে ২০০ টন করে চাল এবং ১০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া দেশের অন্যান্য জেলার জন্যও ১০০ টন করে চাল ও ৫ লাখ টাকা করে জরুরি ত্রাণ বরাদ্দ রাখা হয়েছে, যাতে প্রয়োজন অনুযায়ী দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া যায়।

মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আপাতত বড় ধরনের দুর্যোগের আশঙ্কা না থাকলেও যেকোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার সক্ষমতা সরকারের রয়েছে।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের কারণে দেশের ১৭টি জেলার নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, খাগড়াছড়ি, বান্দরবান, নোয়াখালী, লক্ষ্মীপুর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর, ময়মনসিংহ, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের বিভিন্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, চট্টগ্রাম অঞ্চলের গোমতী, মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বাড়তে পারে। একইভাবে সিলেট অঞ্চলের সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভুগাই নদী এবং উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীতেও পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া ও নদীর পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কলেজ ছাত্রকে কুপিয়ে জখম