বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চালুর আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদান। তিনি বলেছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে ফিলিস্তিনি শিক্ষার্থীদের বাংলাদেশে আগমন ও শিক্ষা কার্যক্রম আরও সহজ হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে রাষ্ট্রদূত উল্লেখ করেন, বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য সংখ্যক ফিলিস্তিনি শিক্ষার্থী পড়াশোনা করছেন। তাদের ভ্রমণ ও ভর্তি প্রক্রিয়া আরও সহজ করতে অন-অ্যারাইভাল ভিসা ব্যবস্থা চালুর বিষয়ে সহযোগিতা কামনা করেন তিনি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি বিবেচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানোর প্রয়োজন রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে আবেদন জমা দেওয়ারও পরামর্শ দেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ বরাবরই ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকার, স্বাধীনতা ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। তিনি আরও বলেন, ফিলিস্তিনের জনগণের কল্যাণে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।
বৈঠকে তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক ভূমিকার কথাও উল্লেখ করেন এবং বলেন, ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের নীতিগত ও মানবিক সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ঢাকায় ফিলিস্তিন দূতাবাসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
কালের দাবি ডেস্ক