ঢাকা | বঙ্গাব্দ

গাজায় ৩০০ দিনে প্রাণ গেল ৩০০ শিশুর, পশ্চিম তীরেও উচ্ছেদ-হামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
গাজায় ৩০০ দিনে প্রাণ গেল ৩০০ শিশুর, পশ্চিম তীরেও উচ্ছেদ-হামলা ছবির ক্যাপশন: জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এর তথ্য
ad728

গাজায় গত ৩০০ দিনে ইসরায়েলি হামলায় অন্তত ৩০০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির তথ্য অনুযায়ী, এই সময়ে গড়ে প্রতিদিন একজন করে শিশু প্রাণ হারিয়েছে। এছাড়া আরও শত শত শিশু আহত হয়েছে।

ইউনিসেফ জানিয়েছে, গাজায় বেসামরিক মানুষের ওপর সামরিক হামলা এখনও অব্যাহত রয়েছে। গোলাবর্ষণ, গুলিবর্ষণ ও নৌবাহিনীর হামলার কারণে উপত্যকাটির শিশুদের জীবন ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) বলছে, গাজার শিশুদের জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অতিরিক্ত জনাকীর্ণ আশ্রয়কেন্দ্র, নিরাপদ পানির সংকট এবং স্বাস্থ্যসেবার সীমিত সুযোগ তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।

এদিকে অধিকৃত পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের ওপর হামলা ও উচ্ছেদের ঘটনা বাড়ছে। রামাল্লার পূর্বাঞ্চলে ফিলিস্তিনি বেদুইন সম্প্রদায়ের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা জোরদারের অভিযোগ উঠেছে।

আল-বাইদার অর্গানাইজেশন ফর দ্য ডিফেন্স অব বেদুইন রাইটস জানিয়েছে, শুক্রবার তাইবেহ গ্রামের পূর্বদিকে আরব আল-কাবনেহ সম্প্রদায়ের ওপর হামলা চালানো হয়। একই এলাকায় এর আগে বুধবার সন্ধ্যাতেও হামলার ঘটনা ঘটে।

ওসিএইচএর তথ্য অনুযায়ী, হেবরনের মাসাফের ইয়াত্তা এলাকার তুবা সম্প্রদায়েও বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাতে কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলে তিনটি পরিবার বাস্তুচ্যুত হয়। এসব পরিবারের ১৪ জন সদস্যই শিশু।

হামলায় কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। একই ঘটনায় একটি সৌরবিদ্যুৎ ব্যবস্থা, প্রায় ১০ টন পশুখাদ্যসহ বিভিন্ন সম্পদ ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ওসিএইচএ।

সংস্থাটির হিসাবে, চলতি বছরের শুরু থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ১ হাজার ৩৮০টির বেশি হামলা নথিভুক্ত হয়েছে। এসব হামলায় মানুষ হতাহত হওয়ার পাশাপাশি সম্পদের ক্ষয়ক্ষতিও হয়েছে। প্রায় ২৫০টি ফিলিস্তিনি সম্প্রদায়ে প্রতিদিন গড়ে ছয় থেকে সাতটি হামলার ঘটনা ঘটেছে।

এ সময় হামলা ও সংশ্লিষ্ট চলাচল নিষেধাজ্ঞার কারণে ২ হাজার ৩০০-এর বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন বলেও জানিয়েছে জাতিসংঘের সংস্থাটি।

অন্যদিকে জেরুজালেম গভর্নরেটের কালান্দিয়া শিবিরেও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। ইসরায়েলি বাহিনীর বড় ধরনের অভিযানের পর সেখানে টানা দ্বিতীয় দিনের মতো হাজারো ফিলিস্তিনি অবরুদ্ধ অবস্থায় ছিলেন।

ওসিএইচএ জানিয়েছে, মানবিক সহায়তাকর্মীরা নিরাপদে ওই এলাকায় প্রবেশ করতে পারছেন না। ফলে বাসিন্দাদের নিরাপত্তার পাশাপাশি জরুরি চিকিৎসা, প্রয়োজনীয় সেবা ও কর্মস্থলে যাতায়াত নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

জাতিসংঘের সংস্থাটি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত এবং হামলার সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খামেনির জানাজা শুধু শোক নয়, বিশ্বকে শক্ত বার্তা দিচ্ছে তেহরা

খামেনির জানাজা শুধু শোক নয়, বিশ্বকে শক্ত বার্তা দিচ্ছে তেহরা