ঢাকা | বঙ্গাব্দ

অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, মজুরি বৃদ্ধির হার ৭.৬৩

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2026 ইং
অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, মজুরি বৃদ্ধির হার ৭.৬৩ ছবির ক্যাপশন: অক্টোবরে দেশে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। ছবি: সংগৃহীত
ad728

দেশে অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। মূলত খাদ্যপণ্যের দাম বাড়ার গতি কমায় সার্বিক মূল্যস্ফীতিতে এই নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। তবে খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার মূল্যস্ফীতি বেড়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অক্টোবর মাসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত বছরের অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে মূল্যস্ফীতি কিছুটা বেশি রয়েছে।


বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪০ শতাংশ হয়েছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ২২ শতাংশ। অর্থাৎ এক মাসে খাদ্যপণ্যের দাম বাড়ার হার কমেছে।

অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৮৯ শতাংশ হয়েছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। ফলে খাদ্যপণ্যে কিছুটা স্বস্তি এলেও অন্যান্য পণ্য ও সেবার ব্যয় বেড়েছে।


গ্রামাঞ্চলে অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৮ শতাংশ। গ্রামে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৭ দশমিক ১৮ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৩৭ শতাংশ হয়েছে। তবে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি ৯ দশমিক ৫৭ শতাংশ থেকে বেড়ে ১০ দশমিক ২১ শতাংশে দাঁড়িয়েছে।

শহরাঞ্চলে অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২৫ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। শহরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৭ দশমিক ২৫ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৪২ শতাংশ হয়েছে। বিপরীতে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি ৮ দশমিক ৯৪ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৪৮ শতাংশে দাঁড়িয়েছে।


দীর্ঘ সময়ের গড় হিসাবেও মূল্যস্ফীতি কমেছে। বিবিএসের হিসাবে, গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ১২ মাসের গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৬ শতাংশে। আগের ১২ মাসে এ হার ছিল ৯ দশমিক ২২ শতাংশ।

তবে মূল্যস্ফীতি কমলেও মানুষের আয় বৃদ্ধির গতি আরও ধীর হয়েছে। অক্টোবরে মজুরি বৃদ্ধির হার কমে ৭ দশমিক ৬৩ শতাংশ হয়েছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। গত বছরের অক্টোবরে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০১ শতাংশ।


কৃষি, শিল্প ও সেবা—তিন খাতেই মজুরি বৃদ্ধির হার কমেছে। অক্টোবরে কৃষি খাতে মজুরি বেড়েছে ৭ দশমিক ৫৫ শতাংশ, সেপ্টেম্বরে যা ছিল ৭ দশমিক ৮৯ শতাংশ।

শিল্প খাতে মজুরি বৃদ্ধির হার ৭ দশমিক ৮৬ শতাংশ থেকে কমে ৭ দশমিক ৬২ শতাংশ হয়েছে। সেবা খাতে এ হার ৮ দশমিক ০৭ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৯৬ শতাংশে।

অক্টোবরে মূল্যস্ফীতি ও মজুরি বৃদ্ধির হারের ব্যবধান ছিল শূন্য দশমিক ৬৪ শতাংশীয় পয়েন্ট। অর্থাৎ পণ্য ও সেবার দাম যে হারে বেড়েছে, সে তুলনায় মানুষের মজুরি বেড়েছে কম। ফলে নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে সাধারণ মানুষের ওপর চাপ অব্যাহত রয়েছে।

বিবিএস জানিয়েছে, দেশের ৬৪ জেলার ১৫৪টি বাজার থেকে বিভিন্ন পণ্য ও সেবার দাম সংগ্রহ করে ভোক্তা মূল্যসূচক তৈরি করা হয়। অন্যদিকে ৬৪ জেলার ৬৩টি পেশার তথ্যের ভিত্তিতে মজুরি বৃদ্ধির হিসাব করা হয়। এর মধ্যে কৃষি খাতের ১৭টি, শিল্প খাতের ৩০টি এবং সেবা খাতের ১৬টি পেশা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
জুলাই সনদ বাস্তবায়নে সংসদে আলোচনার আহ্বান মির্জা ফখরুলের

জুলাই সনদ বাস্তবায়নে সংসদে আলোচনার আহ্বান মির্জা ফখরুলের