ঢাকা | বঙ্গাব্দ

মজুরি বৃদ্ধি ও মার্কিন শুল্কঝুঁকিতে চাপে বাংলাদেশের পোশাক খাত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 27, 2026 ইং
মজুরি বৃদ্ধি ও মার্কিন শুল্কঝুঁকিতে চাপে বাংলাদেশের পোশাক খাত ছবির ক্যাপশন: শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন শুল্কের চাপে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। ছবি: সংগৃহীত
ad728

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প একসঙ্গে শ্রমিক অসন্তোষ ও আন্তর্জাতিক বাণিজ্যিক চাপের মুখে পড়েছে। শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কাঠামো কার্যকরের প্রস্তুতি চললেও কারখানাগুলোতে অসন্তোষ পুরোপুরি কাটেনি। এর মধ্যেই বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব রপ্তানিকারকদের নতুন উদ্বেগ তৈরি করেছে।

শিল্পসংশ্লিষ্টদের আশঙ্কা, নতুন শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাকের দাম বাড়তে পারে। এতে ক্রেতাদের চাহিদা কমে যাওয়ার পাশাপাশি রপ্তানি আদেশ হ্রাস, উৎপাদন ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়তে পারে।


গত ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) বাংলাদেশসহ ১৪টি দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও সংশ্লিষ্ট নীতির অভিযোগে যুক্তরাষ্ট্র সেকশন ৩০১-এর আওতায় এ তদন্ত পরিচালনা করছে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, বাংলাদেশের শিল্পনীতি, উৎপাদনে প্রণোদনা ও শ্রম অধিকারসংক্রান্ত কিছু নীতি দেশটির উৎপাদক ও বাণিজ্য খাতের জন্য অসুবিধা তৈরি করছে। একই ধরনের তদন্তের আওতায় চীন, ভারত, ভিয়েতনাম, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন অর্থনীতিও রয়েছে।

তবে প্রস্তাবিত শুল্ক এখনই কার্যকর হচ্ছে না। ইউএসটিআর আগামী ৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত এ বিষয়ে মতামত গ্রহণ করবে। ২৫ জানুয়ারি থেকে গণশুনানি শুরু হওয়ার কথা রয়েছে। পর্যালোচনা ও শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাকের বড় অংশ যুক্তরাষ্ট্রে ১৫.৬২ শতাংশ সাধারণ আমদানি শুল্কের মুখে পড়ে। এর সঙ্গে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক যুক্ত হওয়ায় মোট শুল্কের হার দাঁড়িয়েছে ২৫.৬২ শতাংশ।

নতুন প্রস্তাব কার্যকর হলে অতিরিক্ত শুল্কের হার আরও বাড়তে পারে। তবে প্রস্তাবিত ১৮ শতাংশ সরাসরি বর্তমান ১০ শতাংশের সঙ্গে যোগ হবে না। শুল্ক সমন্বয়ের হিসাবে নতুন করে সর্বোচ্চ ৮ শতাংশ পয়েন্ট বাড়তে পারে। সে ক্ষেত্রে মোট শুল্কভার ২৫.৬২ শতাংশ থেকে বেড়ে ৩৩.৬২ শতাংশ হতে পারে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত ৯ ফেব্রুয়ারি স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্যচুক্তিতে বাংলাদেশি পণ্যের ওপর পারস্পরিক শুল্ক ১৯ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। চুক্তিতে নির্দিষ্ট পণ্যে শূন্য শুল্ক সুবিধা, যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে বাজার সুবিধা বৃদ্ধি এবং শ্রম অধিকার সুরক্ষাসহ বিভিন্ন অঙ্গীকার রয়েছে। নতুন প্রস্তাব কার্যকর হলে এসব সুবিধা ও বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হতে পারে।

২০২৪ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে প্রায় ৮৪০ কোটি ডলারের পণ্য রপ্তানি করে। এর মধ্যে তৈরি পোশাকের পরিমাণ ছিল প্রায় ৭৩৪ কোটি ডলার।


বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেন, যুক্তরাষ্ট্রের শুল্কের সরাসরি প্রভাব পড়বে ক্রেতাদের ওপর। ট্যারিফ রপ্তানিকারকরা পরিশোধ করেন না, বরং এটি ক্রেতাদের বিষয়। শুল্ক বাড়লে পণ্যের দাম বাড়বে, চাহিদা কমবে এবং শেষ পর্যন্ত বাংলাদেশের অর্ডার কমে যেতে পারে।

শুল্ক প্রস্তাব এখনই কার্যকর হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, জানুয়ারির শেষ দিকে শুনানি হওয়ার কথা রয়েছে। ফলে শুল্ক পরদিন থেকেই কার্যকর হয়ে যাচ্ছে—এমন পরিস্থিতি নয়।

মজুরি বৃদ্ধির সঙ্গে শুল্কের প্রভাবকে আলাদা বিষয় হিসেবে দেখার কথা উল্লেখ করে তিনি বলেন, মজুরি বাড়লে উৎপাদন ব্যয় বাড়বে। এরপর শুল্ক বাড়লে পণ্যের দাম বেড়ে ভোগ কমতে পারে, যার ফলে অর্ডার হ্রাসের সম্ভাবনা তৈরি হবে।


বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, আন্তর্জাতিক বাজারে পোশাক উৎপাদনকারীদের মুনাফা সাধারণত ২ থেকে ৫ শতাংশ। যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক আরোপ করলে এর চাপ দেশটির ভোক্তাদের ওপর পড়বে।

পোশাকের দাম বাড়লে ক্রয়ক্ষমতা ও বিক্রি কমতে পারে। এতে আমদানিকারকদের কার্যকর মূলধন সংকুচিত হয়ে আমদানি আদেশ হ্রাসের সম্ভাবনা রয়েছে। এর সরাসরি প্রভাব বাংলাদেশের উৎপাদন ও কর্মসংস্থানে পড়তে পারে।

তাঁর মতে, ভিয়েতনাম, চীন ও কম্বোডিসহ বিভিন্ন সরবরাহকারী দেশ শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত হলেও ভারতের রপ্তানি প্রবৃদ্ধি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের কিছু ক্রয়াদেশ ভারত বা পাকিস্তানে স্থানান্তরিত হতে পারে।

এ ছাড়া নিয়মিত ঋণ পরিশোধকারীদের সুদের হার কমানো এবং ঋণখেলাপিদের পুনঃতফসিল ও সুদ ছাড়ের সুবিধার ক্ষেত্রে বৈষম্য দূর করার ওপরও গুরুত্ব দেন তিনি।


আন্তর্জাতিক শুল্কঝুঁকির পাশাপাশি দেশের পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ উৎপাদনেও প্রভাব ফেলছে। গতকাল আশুলিয়া ও গাজীপুর এলাকায় শ্রমিকরা মিছিল নিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরিস্থিতির কারণে নাওজোড়, ভোগড়া বাইপাস ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

এ পরিস্থিতিতে শ্রমিকদের আগামী শনিবার থেকে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।


পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে নতুন মজুরি ঘোষণার পরও শ্রমিকদের অসন্তোষ পুরোপুরি দূর হয়নি।

শ্রমিকপক্ষের শেষ দাবি ছিল ১৮ হাজার টাকা। মজুরি বোর্ডের ভোটাভুটিতে চারজন ১৭ হাজার টাকা এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে অবস্থান নেন।

শ্রমিক নেতাদের অভিযোগ, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের তুলনায় নতুন মজুরি যথেষ্ট নয়। গ্রেডভিত্তিক বৈষম্য, পুরোনো শ্রমিকদের বেতন সমন্বয় এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিয়েও অসন্তোষ রয়েছে।

মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, নতুন কাঠামোতে কোনো শ্রমিকের বেতন বৃদ্ধি দুই হাজার টাকার কম হবে না। কারও ক্ষেত্রে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে। তাঁর মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে মজুরি নিয়ে গুজব এবং মালিক-শ্রমিকের দুর্বল সম্পর্ক আন্দোলন দীর্ঘায়িত করছে।

অন্যদিকে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ১৭ হাজার টাকা মজুরি বাস্তবায়ন মালিকদের জন্য চ্যালেঞ্জ হবে। বিশেষ করে ছোট কারখানাগুলোর পক্ষে বাড়তি ব্যয় বহন করা কঠিন।


অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম মনে করেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবকে এক করে দেখার সুযোগ নেই। মজুরি পুনর্নির্ধারণ আইনগত প্রক্রিয়ার অংশ। সংশোধিত শ্রম আইন অনুযায়ী, প্রতি তিন বছর পর পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের বিধান রয়েছে।

তিনি বলেন, অদক্ষ ও অযোগ্য কারখানাকে দক্ষ ও উন্নত করার চিন্তা না করে শ্রমিকদের আরও দুর্বল রাখার কাঠামোর মধ্যেই শিল্পটি আটকে আছে।

তাঁর মতে, মার্কিন ট্যারিফের কারণে যুক্তরাষ্ট্রে রপ্তানি কমলেও ইউরোপের বাজারে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা ছিল। কিন্তু শুল্কযুদ্ধের কারণে চীনের পণ্য যুক্তরাষ্ট্রের পরিবর্তে ইউরোপের বাজারে প্রবেশ করায় সেখানে বাংলাদেশের জন্য বাড়তি প্রতিযোগিতা তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় বাজার, পণ্য ও বিনিয়োগ বহুমুখীকরণ জরুরি।


নতুন শুল্ক প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর ভাষ্য, প্রস্তাবের কিছু বিষয় বাংলাদেশের কাছে অযৌক্তিক মনে হচ্ছে এবং সেগুলো নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। ২৫ জানুয়ারি শুনানিতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ থাকবে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর বলেন, এখন পর্যন্ত নতুন কোনো শুল্ক বৃদ্ধি কার্যকর হয়নি। ইউএসটিআর সেকশন ৩০১-এর আওতায় বিভিন্ন দেশের ওপর তদন্ত করে সম্ভাব্য শুল্ক বৃদ্ধির হার উল্লেখ করেছে, কিন্তু তা এখনো কার্যকর হয়নি।

তিনি আশা প্রকাশ করেন, দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর স্বার্থে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর নতুন করে শুল্ক বাড়াবে না।

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারাও বলছেন, প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি এবং বাংলাদেশের স্বার্থ ও অবস্থান তুলে ধরার সুযোগ রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হলে রপ্তানিকারকদের ব্যয়, পণ্যের মূল্য, ক্রেতাদের অর্ডার ও প্রতিযোগী দেশের সঙ্গে বাংলাদেশের অবস্থানের ওপর প্রভাব বিশ্লেষণ করা জরুরি।

সব মিলিয়ে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সামনে এখন উৎপাদনে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখার চ্যালেঞ্জ। কম মজুরির ওপর নির্ভরতা কমিয়ে উৎপাদনশীলতা, দক্ষতা ও পণ্যের বৈচিত্র্য বাড়াতে না পারলে বাড়তি শুল্ক ও বৈশ্বিক প্রতিযোগিতার চাপে দেশের প্রধান রপ্তানি খাত আরও দুর্বল হয়ে পড়তে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
প্রতিমন্ত্রীর পদ ছাড়ছেন ইশরাক হোসেন, ঘোষণা দুপুরে

প্রতিমন্ত্রীর পদ ছাড়ছেন ইশরাক হোসেন, ঘোষণা দুপুরে