ঢাকা | বঙ্গাব্দ

সাইফুল হক: কোনো দেশের আনুগত্য নয়, জাতীয় স্বার্থে স্বাধীন পররাষ্ট্রনীতি চাই

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 12, 2026 ইং
সাইফুল হক: কোনো দেশের আনুগত্য নয়, জাতীয় স্বার্থে স্বাধীন পররাষ্ট্রনীতি চাই ছবির ক্যাপশন: ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি: কালের দাবি
ad728



বাংলাদেশকে কোনো নির্দিষ্ট দেশের প্রতি আনুগত্যশীল না হয়ে জাতীয় স্বার্থ ও সমতার ভিত্তিতে স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেছেন, ভারতকে স্পষ্টভাবে জানিয়ে দিতে হবে—বাংলাদেশ আর কোনো দাসত্বপূর্ণ বা আনুগত্যমূলক পররাষ্ট্রনীতি গ্রহণ করবে না। একইসঙ্গে ভারত, যুক্তরাষ্ট্র, চীন কিংবা রাশিয়া—কোনো একটি দেশের দিকে একতরফাভাবে ঝুঁকে না গিয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এ আলোচনা সভা শুরু হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। গণতান্ত্রিক বাম ঐক্য আয়োজিত ‘স্বাধীনতাবিরোধীদের গণতন্ত্র নস্যাৎ করার হুমকি মোকাবেলায় দেশপ্রেমিক যুগপৎ আন্দোলনের রাজনৈতিক দলসমূহের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ভারতের ভুল বাংলাদেশ নীতির একটি ঐতিহাসিক পরাজয়। ভারতের শাসকগোষ্ঠী এখনো একটি স্বাধীন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশকে মানসিকভাবে মেনে নিতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন সমস্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সীমান্তে পুশ-ইন, বিএসএফের গুলিতে নিরীহ বাংলাদেশি হত্যা, তিস্তার পানিবণ্টন চুক্তি না হওয়া এবং একতরফাভাবে পানি প্রত্যাহার কোনোভাবেই সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বের নজির হতে পারে না।

তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি হতে হবে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও পারস্পরিক সমতা। কোনো বৃহৎ শক্তির ওপর নির্ভরশীলতা নয়, বরং সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে হবে।

২৪-এর গণঅভ্যুত্থান প্রসঙ্গে সাইফুল হক বলেন, এই আন্দোলন কোনো বিদেশি রাষ্ট্র, ‘ডিপ স্টেট’ কিংবা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ষড়যন্ত্রের ফল নয়। দীর্ঘ ১৬-১৭ বছরের স্বৈরাচার ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে কোটি কোটি মানুষের জমে থাকা ক্ষোভ ও বঞ্চনা থেকেই এই গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছে। এটি কোনো বিদেশি শক্তি বা ষড়যন্ত্রের ফল নয়; বরং দীর্ঘদিনের স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের নিজস্ব ক্ষোভ থেকে গড়ে ওঠা স্বতঃস্ফূর্ত গণআন্দোলন।
তিনি বলেন, রক্তের বিনিময়ে অর্জিত এই ঐতিহাসিক গণঅভ্যুত্থানকে কোনোভাবেই কালিমাযুক্ত বা ছোট করার সুযোগ দেওয়া যাবে না। এর প্রকৃত চরিত্র ও গণমানুষের অংশগ্রহণকে বিকৃত করে কোনো অপপ্রচার চালানোর সুযোগও রাখা উচিত নয়।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে সাইফুল হক বলেন, সংসদে আসন না থাকলেও রাজনৈতিক ও সামাজিক তাৎপর্যের কারণে রাষ্ট্রপতি নির্বাচনের মতো সংবেদনশীল বিষয়ে যুগপৎ আন্দোলনের শরিক ও মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির মতবিনিময় ও রাজনৈতিক বোঝাপড়া প্রয়োজন ছিল। ভবিষ্যতের রাজনীতি ও পথচলা সহজ করতে এ ধরনের রাজনৈতিক বুদ্ধিমত্তা ও দূরদর্শিতা দেখানো জরুরি বলেও তিনি মন্তব্য করেন।

তরুণ প্রজন্মের রাজনৈতিক ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। কিন্তু ক্ষমতার লোভ এবং হঠাৎ বিপুল অর্থের লেনদেনের প্রভাবে তরুণদের একটি অংশকে ভুল ও নষ্ট পথে ঠেলে দেওয়া হচ্ছে। এই প্রবণতা বন্ধ করতে হবে।

রাজনীতিতে ব্যক্তি আক্রমণ, কাদা ছোড়াছুড়ি ও গালাগালির সংস্কৃতি পরিহারের আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, আদর্শহীন রাজনীতি থেকেই এ ধরনের অপসংস্কৃতির জন্ম হয়। তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি পরিচ্ছন্ন রাজনৈতিক চর্চায় ফিরে আসার আহ্বান জানান। 

অনুষ্ঠানে গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এমপি, পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা. সামছুল আলম, প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপির চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, মহাসচিব আমানতউল্লাহ আমান, বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল)-এর সাধারণ সম্পাদক কমরেড খান মো. নূরে আলম, সমাজতান্ত্রিক মজদুর পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড নূর নবীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।

নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’